বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০২১

চাঁদপুরে বাস, ট্রেন ও লঞ্চ কোথাও তিলধারণের ঠাঁই নেই


শুক্রবার থেকে কঠোর লকডাউনের কারণে কর্মজীবী মানুষের ঢল নেমেছে চাঁদপুর বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও লঞ্চ ঘাটে। সব যানবাহনে যাত্রীতে ঠাসা। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। সবার একটাই চিন্তা আজই ফিরতে হবে। ট্রেনের ছাদে আর দরজায় ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে চড়া মানুষের মাঝে ছিল না স্বাস্থ্যবিধির বালাই একই অবস্থা ছিল লঞ্চেও।

বৃহস্পতিবার দুপুর ২টা চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনে বাদুড়ঝোলা হয়ে কর্মস্থলে ফিরেছে কর্মরত বিভিন্ন জেলার হাজারো মানুষ।

বাসেও ছিল প্রচণ্ড ভীড়। টিকেটের জন্য ছিল হাহাকার। লঞ্চে ১’শ টাকার টিকেট রাখা হচ্ছে ১৮০ টাকা। বসাতো দূরের কথা দাঁড়ানোর জায়গাও নেই। তার পরেও এতো টাকা টিকেটের দাম রাখা হচ্ছে। স্বাস্থ্যবিধির কোন বালাইতো নেই। কে শুনছে কার কথা। ইচ্ছামতো নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া।

ট্রেনে করে চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসা যাত্রী আক্তার বলেন, “ভোরে এসেও টিকিট পাইনি। তাই বিকল্প হিসেবে ট্রেনের ছাদে করেই আসতে হয়েছে। ঝুঁকি আছে কিন্তু কি করবো, আসতেতো হবেই। লকডাউনে আটকে থাকলে আমাদের থাকা খাওয়ার কষ্ট হবে। তাই বাড়ি চলে আসছি। আমার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছাদে করে আসছি।”

চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার সোয়াইবুল শিকদার বলেন, ২৩ তারিখ থেকে সকল ট্রেন চলাচল বন্ধ। আর চাঁদপুর সাগরিকা এক্সপ্রেসই শেষ ট্রেন। তাই যাত্রীর চাপ বেশি। এত যাত্রীর চাপে স্বাস্থ্যবিধি মানার কথা নয়। তারপরও আমরা চেষ্টা করছি, যাতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা হয়।

চাঁদপুর লঞ্চঘাটে মালিক প্রতিনিধি বিল্পব সরকার বলেন, ভোর ৬টা থেকে যাত্রীরা ঘাটে আসতে শুরু করেছে। যাত্রী অনুযায়ী লঞ্চ কম রয়েছে। যার কারণে সব লঞ্চেই যাত্রীদের চাপ লক্ষ করা যায়। শুধু যে চাঁদপুর থেকে মানুষ ঢাকা যাচ্ছে তা নয়, ঢাকা থেকেও অনেক যাত্রী চাঁদপুরে আসছেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহেদুল ইসলাম বলেন, বেলা বাড়ার সাথে সাথে লঞ্চঘাটে যাত্রীর চাপ বাড়ছে। লঞ্চঘাটের ভিতরে এবং বাইরে আমাদের নৌ পুলিশের সদস্যরা কাজ করছে। কোথাও কোন ধরনে অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

চাঁদপুর বিআইডবিøউটিএর উপ-পরিচালক কায়সারুল ইসলাম বলেন, বিধিনিষেধ মেয়াদ না থাকায় অনেকে ছুটে চলেছেন। এখন কোন লঞ্চের সিডিউল নেই। যাত্রী পরিপূর্ণ হলেই ঘাট ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। শৃঙ্খলায় আমাদের সাথে নৌ পুলিশ, কোস্টগার্ড কাজ করছে। ২৩ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হবে। তাই আগামী ৫ আগস্ট পর্যন্ত চাঁদপুর থেকে সকল রুটের যাত্রীবাহী লঞ্চ বন্ধ থাকবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১