বাংলাদেশের খবর

আপডেট : ১৮ July ২০২১

কেরানীগঞ্জে লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা


কেরানীগঞ্জে সাগর মিয়া (২৪) নামে এক লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে কদমতলী গোলচত্তর এলাকায় এ ঘটনা ঘটে।

সাগর মিয়া চুনুকুটিয়া পশ্চিমপাড়ায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বাবার নাম জমির উদ্দিন। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হুমপাড়া এলাকায়।

নিহতের চাচা শুক্কুর মিয়া জানান, সাগর লেগুনা গাড়ী চালালো। কদমতলীতে ছিল ওদের স্ট্যান্ড। লেগুনার অন্য চালক ও কয়েকজন হেলপারের সঙ্গে ওর ঝামেলা চলছিল। এর জের ধরে রুবেল, রবিন, শামীম, জুয়েল, রতন ও অজ্ঞাতনামা কয়েকজন মিলে শুক্রবার রাতে সাগরের উপর হামলা চালায়। এসময় তাকে মারধর করে। এক পর্যায়ে হামলাকারীদের একজন ছুরি দিয়ে সাগরের ঘাড়ের বামপাশে আঘাত করে। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সাগরের মৃত্যু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১