আপডেট : ১৮ July ২০২১
কোরবানীর পশুবাহি ট্রাকের চাপ কিছুটা কমে যাওয়ায় দেশের গুরুত্বপূর্ণ ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে নদী পার হতে আসা যানবাহনের সারি গত দুই দিনের তুলনায় কিছুটা ছোট হয়ে এসেছে। তবে এখনো প্রতিটি যানবাহনকে ফেরি নাগাল পেতে মহাসড়কে সিরিয়ালে অপেক্ষা করতে হচ্ছে। রোববার বিকেলে দৌলতদিয়া ঘাটে এমনই চিত্র দেখা যায়। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সাথে কথা বলে জানা যায়, গত ২/৩ দিনের তুলনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে কোরবানীর পশুবাহি ট্রাক কিছুটা কম নদী পার হতে আসায় ছোট হয়ে এসেছে দৌলতদিয়ায় পারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি। সরেজমিন দেখা যায়, রোববার বিকেলেও দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার দুরে দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকা পর্যন্ত রয়েছে নদী পার হতে আসা যানবাহনের সারি। পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে পশুবাহি ও জরুরী পন্যবাহি ট্রাক, যাত্রীবাহি বাস ও ছোট গাড়ি। এছাড়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দুরের গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শতাধিক পন্যবাহি ট্রাকের সিরিয়াল রয়েছে। এদিকে পদ্মার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে যানবাহন পারাপারে সময় লাগছে আগের তুলনায় একটু বেশি। কোরবানীর পশুবাহি ট্রাক, যাত্রীবাহি বাস ও পচনশীল দ্রব্য বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় এসকল যানবাহন খুব বেশী সময় সিরিয়ালে আটকে থাকতে হচ্ছে না। কিন্তু সাধারন পন্যবাহি ট্রাক গুলোকে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন । যাত্রবাহি বাসের চালকরা জানান, এখন পরিবহনের পাশাপাশি ঘাটে পশুবাহি ট্রাকের চাপ বাড়তি চাপ রয়েছে। আর পশুবাহি ট্রাক বেশি পারাপার করায় তাদেরকে ফেরি নাগাল পেতে অপেক্ষা করতে হচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন জানান, ২৪ ঘন্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে ২ হাজার ৪শ ব্যাক্তিগত গাড়ি, এক হাজার ২শ যাত্রীবাহি বাস ও ৬শ পণ্যবাহী ট্রাক নদী পার করার মত সামর্থ রয়েছে। এর থেকে বেশী যানবাহন নদী পার হতে আসলে সিরিয়ালে অপেক্ষা করতে হয়। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি যানবাহন পারাপার করছে। ঈদের আগে আরও ১টি ফেরি যুক্ত হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১