বাংলাদেশের খবর

আপডেট : ১১ July ২০২১

‘কারিগরি কমিটি পরামর্শ দিলে বিধিনিষেধ বাড়তে পারে’


করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ ঈদের আগেও থাকবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যদি সরকারের করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি পরামর্শ দেয়, তাহলে চলমান বিধিনিষেধ আরও বাড়তে পারে।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সফল হব। জীবনে অনেক ঈদ আসবে। বেঁচে থাকলে অনেক ঈদ করতে পারব।

ঈদের আগে গণপরিবহন চলবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যদি বিধিনিষেধ চলমান থাকে, তাহলে সেই সুযোগ নেই। আর যদি বিধিনিষেধ প্রত্যাহার করা হয়, তাহলে কীভাবে. . . সীমিত আকারে হলে সীমিত আকারে গণপরিবহন চলবে। যদি পুরোপুরি উঠে যায়, তাহলে পুরোপুরি চলবে। তবে এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার মতো অবস্থায় পৌঁছানো যায়নি।

চট্টগ্রাম, মোংলা এবং পায়রা বন্দরের সব কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আগামী বুধবার থেকে এই কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে ১২ হাজার কর্মীকে টিকা দেওয়া হবে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে, যা চলবে ১৪ জুলাই পর্যন্ত।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১