আপডেট : ০৭ July ২০২১
মানিকগঞ্জের শিবালয়ে দক্ষিণ শিবালয়, ছোট আনুলিয়া ও অন্বয়পুর গ্রামের যমুনা নদীর পার এলাকায় নদী ভাঙ্গন রোধে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙ্গনের তীব্রতাও বাড়ছে। এ বছর বর্ষার শুরু থেকেই নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এসব এলাকার বহু বাড়ি-ঘর ও আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং অনেক বাড়ি-ঘর হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। ফলে এসব এলাকার লোকজন এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। জানা গেছে, এবছর প্রায় এক মাসের বেশী সময় ধরে এ এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙ্গনের তীব্রতাও বৃদ্ধি পায়। ভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা শুরু থেকেই ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টদেরকে অবহিত করে আসছে। কিন্তুু কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। ফলে বাড়ি- ঘরসহ বহু জায়গা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব এলাকার লোকজন। অন্বয়পুর গ্রামের বাসুদেব হলদার বলেন, এক মাসের বেশী সময় ধরে নদীতে ভাঙ্গছে। আমাদের বাড়ি নদীর পারে পড়ে গেছে। যে কোন সময় নদীতে চলে যেতে পারে। আমাদের যাওয়ার কোন জায়গা নাই। তাই এই ঝুঁকির মধ্যেই আমরা বসবাস করছি। যমুনা রানী হলদার বলেন, আমাদের বাড়ি ঘর নদীতে যাচ্ছে। আমাদের থাকার জায়গা নাই। এ পরিস্থিতে মহা চিন্তায় রয়েছেন তিনি। ছোট আনুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, বিগত দিনে নদী পার এলাকার অনেক বাড়ি ঘর নদীতে চলে গেছে। এবারও বর্ষার শুরু থেকে ভাঙ্গন শুরু হয়েছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের এখান দিয়ে যেন একটি বেরি বাধ দিয়ে দেন। অন্বয়পুর গ্রামের মিনাজ উদ্দিন বলেন, আমাদের বাড়ি তিন ভাঙ্গা দিয়েছে। পরে আমরা নদী পার এলাকা থেকে ভিতরে গিয়ে বাড়ি করেছি। এবারও অনেক ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে নদী পারের অনেক মানুষ ক্ষতিগ্রস্থ্য হবে। একই এলাকার আসাদ মন্ডল বলেন, নদী ভাঙ্গনের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই ভাঙ্গন রোধে যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়। এ ব্যাপারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, শিবালয়ের নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। খুব দ্রুতই শিবালয়ের যমুনার ভাঙ্গন রোধে কাজ শুরু করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১