আপডেট : ০৭ July ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতালে রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে। একদিনে সর্বাধিক মৃত্যুর দিক দিয়ে এটি সর্বোচ্চ। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন। আজ বুধবার সকালে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৯ জন ও উপসর্গে একজন মারা যান। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার পাইকগাছার আব্দুল হালিম (৫০) ও সাতক্ষীরার আব্দুল মাজেদ শেখ (৬৫)। এ হাসপাতালে করোনা আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি রয়েছেন। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গার রেজাউল ইসলাম (৭০), তেরখাদার আনন্দনগরের আকলিমা (৭৫), যশোরের কেশবপুরের পদ্মরানী (৬৪), বাগেরহাটের মংলার প্রভুনাথ (৫০), রামপালের রুহিকরণ (৬০)। এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা সদরের মুসলমানপাড়ার নাসরিন আরা বেগম (৪৫), সোনাডাঙ্গার মো. আব্দুল হাই (৬৭), ডুমুরিয়ার শাহাপুরের উম্মে কুলসুম (৭০), খুলনার টুটপাড়ার নাসিমা বেগম (৪৬) এবং নড়াইলের লোহাগড়ার আরিয়ানার বেলতিয়ার লুৎফর রহমান (৬২)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩১ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১