বাংলাদেশের খবর

আপডেট : ০৫ July ২০২১

২০ বছর ধরে শিকলবন্দি


জহিরুল ইসলাম, নবাবগঞ্জ (ঢাকা) 

প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ২০ বছর ধরে শিকলবন্দি জীবনযাপন করছেন উপজেলার নতুন বান্দুরা গ্রামের নজরুল ইসলাম (৪০)। ২০ বছর আগেও স্বাভাবিক ছিল তার জীবনযাত্রা। অসচ্ছল ও দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ছেলেটি ছিলেন কোরআনে হাফেজ। সুমধুর কণ্ঠের আজান আর কোরআন তেলাওয়াতে মুগ্ধ করত এলাকাবাসীকে।

এলাকাবাসী জানায়, নজরুল ভালোবেসে ছিলেন প্রতিবেশী এক মেয়েকে। তবে দুই পরিবারের মতের অমিল থাকায় সে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। কিছুদিন পরই অন্যত্র বিয়ে হয়ে যায় মেয়েটির। ওই বিয়ের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন নজরুল। তখন হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। তারপর থেকেই শিকলে বাঁধা পড়ে নজরুলের জীবন। ২০০১ সালের পর নতুন আর কোনো ক্ষণ যুক্ত হয়নি নজরুলের স্মৃতিতে। যে কারণে ২০ বছরের আগের স্মৃতিতেই থমকে আছেন নজরুল। অসচ্ছল পরিবার চিকিৎসা করতে না পারায় ভাঙাচোরা ঘরে শিকলে বন্দি এখন তার জীবন।

দুই বোন ও এক ভাইয়ের মধ্যে নজরুল দ্বিতীয়। বাবা আয়নাল দেওয়ান ও মা নবীজা বেগম ছেলের চিকিৎসার জন্য চেষ্টা চালিয়ে গেছেন জীবনের শেষ সময় পর্যন্ত। তবে সুফলতা মেলেনি কোনো। তারা মারা যাওয়ার পর মানসিক ভারসাম্যহীন নজরুলের দায়িত্ব বর্তায় দুই বোনের ওপর। ইচ্ছা থাকার পরও আর্থিক সংকটে তার উন্নত চিকিৎসার ভার নিতে পারছে না পরিবারটি।

নজরুলের বড় বোন কোহিনুর বেগম বলেন, অর্থের অভাবে পুরোপুরিভাবে চিকিৎসা করাতে না পেরে তার ভাইকে শিকলে বেঁধে রাখতে হচ্ছে। আমার মেয়ে আঁখি এখন তার মামার দেখাশোনা করে। সরকারিভাবে আমাদের কোনো ভাতাও দেওয়া হচ্ছে না। তিনি সরকারি সহায়তা চান ভাইয়ের চিকিৎসার জন্য।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, পুরোপুরি পাগল হলে তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার সুযোগ নেই। তবে মানবিক কারণে ওর পরিবার থেকে যোগাযোগ করলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১