বাংলাদেশের খবর

আপডেট : ০৩ July ২০২১

তালায় কঠোর লকডাউন, দুইদিনে ৩০ হাজার ৬শ’ টাকা অর্থদন্ড


সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের ৩য় দিনে সাতক্ষীরার তালায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিষ্ট্রেট, জনপ্রতিনিধি ও পুলিশসহ আইনশৃখংলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। উপজেলার ১২ টি ইউনিয়নে টহল দিচ্ছে সেনাবাহিনী। শুক্রবার পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধে বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০ হাজার ৬শ’ টাকা অর্থদন্ড আদায় করেন।

আজ শনিবার (৩ জুলাই) বেলা ১১টায় তালা উপ-শহরে মহড়া দিতে দেখা গেছে সেনাবাহিনীসহ আইনশৃখংলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের।

এ সময় তালা বাজারের তিনরাস্তা মোড়ে কঠোর লকডাউন নিয়ে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা দায়িত্বপ্রাপ্ত ৫৫ পদাতিক ডিবিশনের ৯ইষ্টবেঙ্গলের ক্যাপ্টেন শেখ শামস্ জুবায়ের, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এবং তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। এ সময় তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা থানার এসআই চন্দন কুমার মন্ডলসহ সেনাসদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালার ইউএনও মোঃ তারিফ-উল-হাসান জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলার প্রতিটি ইউনিয়নে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবিসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে ৩জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’র মাধ্যমে প্রতিদিন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা, লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়ন কার্যক্রম, ইউনিয়ন-ওয়ার্ড কমিটিসমূহের কার্যক্রম মনিটরিং এবং জন সচেতনতামূলক প্রচার অব্যাহত থাকবে। শুক্রবার পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধে বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ২০ হাজার ৫শ’ টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান কর্তৃক ১০ হাজার একশত টাকা অর্থদন্ড আদায় করা হয়।

তিনি আরো জানান, উপজেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

এদিকে, সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই ঘর থেকে বের হয়েছে কিছু মানুষ। উপ-শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। তবে উপজেলার বিভিন্নস্থানে কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১