বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০২১

খালেদা জিয়ার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না : আইনমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি


সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অপরাধই করেননি, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বলে জানিয়েছে বিএনপি। বুধবার জাতীয় সংসদে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, যিনি (খালেদা জিয়া) কোনো অপরাধই করেননি, তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আইনমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের হীনরাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে, যা ভ্রষ্টাচার ছাড়া কিছুই নয়।

বিএনপির এ নেতা বলেন, আমরা সরকারকে ছলচাতুরী ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে দেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পুনরায় আহ্বান জানাচ্ছি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন— বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আনুষ্ঠানিকভাবে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে। আইন অনুযায়ী, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আর কোনো পথ খোলা নেই। আইনমন্ত্রীর এ বক্তব্যে সরকারের রাজনৈতিক প্রতিহিংসা এবং খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ক্ষেত্রে সরকারের ইচ্ছাকৃত প্রতিবন্ধকতার বহিঃপ্রকাশ ঘটেছে। যদিও এর আগে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে আবেদন করা হলে আইনমন্ত্রী বলেছিলেন— ‘সরকার যে শর্তে তাকে মুক্তি দিয়েছেন, সেই শর্ত শিথিল করলে খালেদা জিয়ার বিদেশে যেতে আইনগত কোনো বাধা থাকে না। কিন্তু এর ২/১ দিন পরই তিনি ইউটার্ন নিয়ে বলেছেন— ‘সম্ভব নয়’ এবং এখন বলছেন— ‘ক্ষমা চাইতে হবে’। এগুলো সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং রাজনীতিকে নিয়ন্ত্রিত ও কলূষিত করার ব্যর্থ চেষ্টা ছাড়া কিছুই নয়। যিনি কোনো অপরাধই করেননি, তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না।

বিএনপির এ নেতা বলেন, আইনমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের হীনরাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে, যা ভ্রষ্টাচার ছাড়া কিছুই নয়। কর্তৃত্ববাদী সরকার যখন যেটি মনে করে, তখন সেটি জনগণের ওপর চাপিয়ে দেয় এবং একই সঙ্গে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই ঘটছে। আমরা আইনমন্ত্রীর সংসদে প্রদত্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানাচ্ছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১