আপডেট : ১৭ June ২০২১
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ জেলাবাসীর উদ্দেশ্যে করে বলেন, স্বাস্থ্যবিধি না মানলে এবং মাস্ক পরিধান না করলে কঠোর লকডাউন দেয়া হবে। কারণ চাঁদপুর ৪৮টি ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে একটি। পূর্বে করোনার আক্রান্তের হার ছিলো ১৩%, বর্তমানে এই হার বেড়ে হয়েছে ২৮%। আমরা চাইনা কঠোর লকডাউন দিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হউক। সকলকে নিয়ে আমরা ভালো থাকতে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে চাই। আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, ইতোমধ্যে আমি চাঁদপুরের ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার পুলিশকে নির্দেশনা দিয়েছি মাস্ক পরিধান বাধ্যমূলক করা এবং কঠোর অবস্থান নেয়ার জন্য। প্রত্যেক উপজেলায় এখন থেকে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধান না করলে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হবে। তিনি আরো বলেন, আজকেই চাঁদপুরের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে আমরা ভার্চুয়ালি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে মিটিং যুক্ত হব। এই মিটিং এ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি যুক্ত থাকবেন। আলোচনার মাধ্যমে চাঁদপুর জেলার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১