বাংলাদেশের খবর

আপডেট : ১৬ June ২০২১

ভারী বৃষ্টি হতে পারে


সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালশীল মেঘের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বায়ু চাপের আধিক্য বিরাজ করছে। এরই প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের বৃষ্টির সাথে সাথে দমকা হওয়া হচ্ছে। আজ বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, মৌসুমী বায়ু এখন অনেক সক্রিয় আর বায়ু চাপের আধিক্যও বেশি থাকায় ভারী বৃষ্টির সাথে কোথাও কোথাও দমকা হাওয়া বইবে। এ কারণে আজও দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এই সংকেত বলবৎ থাকবে।

আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, টাংগাইল, সিলেট, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার এক সতর্ক বার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং এর আশেপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য আছে এবং আকাশে গভীর সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য দেশের চার সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা এবং মোংলাকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১