বাংলাদেশের খবর

আপডেট : ১৩ June ২০২১

আশ্বাসের উপর ভরসা রেখে ঝুঁকিপূর্ণ সেতুতে যান চলাচল


স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপর ভরসা রেখে এবং তাদের দেওয়া আশ্বাসের উপর ভিত্তি করে দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ সেতুতে যান চলাচল করছে আমিরগঞ্জ ও চর আড়ালিয়া ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ। সেতুর পাশে মাটি সরে যাওয়ায় সেতুর দুই পাশে সৃষ্টি হয়েছে বড় বড় ভাঙনের। এতে করে ঝুঁকি আছে জেনেও জীবিকার তাগিদে চলমান রয়েছে যানচলাচল ।

নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন ও আমিরগঞ্জ ইউনিয়নের সংযোগ সড়কের উপর নির্মিত সেতুর দুই পাশে মাটি সরে গেছে। ফলে সেতুতে উঠার মূলে ইট সরে গিয়ে পিচ ঢালাই ভেঙে বড় ভাঙনের সৃষ্টি হয়েছে। যার ফলে প্রায় প্রতিদিনই ঘটছে অসংখ্য দ‍ুর্ঘটনা।

জানাযায়, প্রায় আট বছর আগে ২ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। চর আড়ালিয়া ইউনিয়নবাসীর প্রধান সড়ক হওয়ায় এই সেতু দিয়ে প্রতিদিন শত শত মানুষ আসা যাওয়া করে। সি এন জি, অটোসহ বিভিন্ন যানবাহন এই সেতুর উপর দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে। প্রায়ই গাড়ি উল্টে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

অটোরিক্সা চালক আহমদ বলেন, চর আড়ালিয়া ও আমিরগঞ্জ ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নের লোকজন এই সেতুর উপর দিয়ে চলাচল করে। এই সেতুর উপর দিয়ে গাড়ি উঠানোর সময় ও নামানোর সময় প্রায়ই গাড়ি উল্টে পড়ে যায়। ফলে চালক সহ আহত হয় যাত্রীরা। আমরা গাড়ি চালাতে গিয়ে মারাত্মক ঝুঁকির মধ্যে আছি।

খলাপাড়া গ্রামের মুরাদ সরকার বলেন, সেতুর দুই পাশে মাটি সরে বড় ভাঙনের সৃষ্টি হওয়ায় আমাদের চলাফেরা করতে অনেক সমস্যা হচ্ছে। দিন দিন ভাঙন বড় হচ্ছে। দ্রুত এটা সংস্কার প্রয়োজন।

চর আড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, এই সেতুর উপর দিয়ে প্রতিদিনই হাজারো মানুষ চলাচল করে। এতে করে প্রায় প্রতিদিনই ঘটছে সেতুর উপর দুর্ঘটনা। বর্তমানে এটি একটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল আনা নেওয়ার ক্ষেত্রে মারাত্মক সমস্যায় পড়ছে। বিষয়টি একাধিকবার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান উপজেলা প্রকৌশলীকে জানানো হলে তারা সরজমিনে বিষয়টি দেখে গেছে এবং সেটি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়নি। কিন্তু জানতে পেরেছি খুব দ্রুত এ সমস্যার সমাধান করে দেওয়া হবে। এই সেতু সংস্কার না করার কারনে এবং এই এলাকার উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অতি দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী প্রকৌশলী শামিম ইকবাল মুন্না বলেন, সেতুটি ২০১৩- ২০১৪ অর্থ বছরে আই আর ডিবি প্রকল্প থেকে নির্মাণ করা হয়েছে। এটির দৈঘ্য ১৪০ মিটার। এটি নির্মাণে ব্যয় হয়েছিল ২ কোটি টাকার উপরে। বর্তমান অর্থ বছরে আফনান প্রকল্প থেকে সেতুটি মেরামত করে দেওয়া হবে। আশা করছি জুলাই মাসে কাজটি সম্পন্ন হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১