বাংলাদেশের খবর

আপডেট : ১২ June ২০২১

ভাতিজার গুলিতে যুক্তরাষ্ট্র প্রবাসী চাচা নিহত


মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভাতিজার গুলিতে নিহত হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী চাচা মাইকেল রোজারিও (৭২)।

এ ঘটনায় ভাতিজা গেনেট রোজারিওকে (৫০) একনলা বন্দুক ও গুলিসহ শুক্রবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে জেলার একমাত্র খ্রিষ্টানপল্লী কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কেয়াইন ইউপি সদস্য নয়ন রোজারিও জানান, শুলপুর গ্রামের মাইকেল রোজারিওর সাথে তার বড় ভাই মৃত বাড়ন রোজারিওর ছেলে গেনেট রোজারিওর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক মামলাও চলমান রয়েছে।চাচা-ভাতিজা উভয়েই স্বপরিবারে আমেরিকায় বসবাস করেন। সম্পত্তি বিরোধ নিরসনে প্রায় দুই মাস আগে দুজনেই বাংলাদেশে আসেন।

এনিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় ৭ টায় নিজ বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিসি বৈঠক হয়। বিচারে জমিজমা বিরোধের অবসানও ঘটে।

কিন্তু রাত ১২টার দিকে ভাতিজা গেনেট চাচা মাইকেল রোজারিওকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় মাইকেল রোজারিওকে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। 

নয়ন রোজারিও আরো বলেন, শুক্রবার সন্ধ্যার পর আমি নিজে উপস্থিত থেকে তাদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ সমাধান করেছি। কিন্তু রাত সাড়ে ১২ টার দিকে গেনেটের ছোট ভাই জনি রোজারিও আমাকে ফোন করে জানায়,গেনেট কাকাকে গুলি করেছে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, রাতেই ঘাতক ভাতিজাকে গ্রেপ্তার করছে পুলিশ। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১