আপডেট : ২৪ May ২০২১
করোনার পরিস্থিতিতে ৪৯ দিন বন্ধ থাকার পর রেলওয়ে বিভাগীয় শহর লালমনিরহাট থেকে ঢাকাগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনসহ ৪ জোড়া আন্তনগর ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (২৪ মে) নির্ধারিত সময় সকাল ১০টায় ২০মিনিটে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে অর্ধেক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় লালমনি এক্সপ্রেস। গত রোববার স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচলের ঘোষণা দেয় সরকার। এমন ঘোষণার পর লালমনিরহাটে রেলস্টেশন ও বগি ধোয়া-মোছা, টিকিট বিক্রি ও ট্রেন ট্রায়াল সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। রেলওয়ে সুত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনে ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন বন্ধ ছিল। এতে রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রুটের ১৪ জোড়া ট্রেন চলাচল বন্ধ থাকে। অবশেষে দীর্ঘ ৪৯ দিন পর সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে প্রথম পর্যায়ে কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার। রোববার রাত ৯টা থেকে যাত্রীদের সুরক্ষার জন্য অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়। সেখানেও নির্ধারণ করে দেয়া হয় শারীরিক দূরত্ব। চাহিদা থাকলেও স্বাস্থ্যবিধির কারণে পুরো ট্রেনটি অর্ধেক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। এ ছাড়া রেলওয়ে প্ল্যাটফর্ম গেটে প্রবেশের আগে ডিজিটাল থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ ও শতভাগ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়। ট্রেন যাত্রী পনির উদ্দিন জানান, ‘ট্রেন চলবে শুনে রাতেই অনলাইনে টিকিট কেটেছি। স্বাস্থ্যবিধি মেনে আমার স্ত্রী অন্য সিটে আমি অন্য সিটে বসে নিরাপদে ঢাকায় যাচ্ছি।’ অনেক ভালো লাগছে। এতে ঢাকা যাওয়া অনেক যাত্রীর কষ্ট লাঘব হলো।’ বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেল সুপার রেজাউল করিম বলেন, ‘সরকারি নির্দেশনা মেনে অনলাইনে টিকিট বিক্রি করে লালমনি এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ডিআরএম শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ‘সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়েছে। ৪ জোড়া আন্তনগর ও লালমনি এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১