বাংলাদেশের খবর

আপডেট : ২০ May ২০২১

ঝালকাঠিতে সাংবাদিক খলিলের মুক্তির দাবিতে মানববন্ধন


ঝালকাঠির নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক খলিলুর রহমান মৃধাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সুজন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে ঝালকাঠি প্রেসক্লাব, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি, প্রতিবাদী নাগরিক মঞ্চ, ইয়ুথ অ্যাকশন সোসাইটিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা জানান, নলছিটি পৌরসভার টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক খলিলুর রহমান মৃধা ১০ মে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় ওই দিন রাতেই নলছিটি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু। পুলিশ রাতেই শহরের সবুজবাগ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ঠুনকো একটি ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিয়ে সাংবাদিক গ্রেপ্তার করায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ঝালকাঠির সাংবাদিকরা। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সহ সাধারণ সম্পাদক কে এম সবুজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার, সুজন জেলা শাখার যুগ্ম সম্পাদক ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, কাঁঠালিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আবদুল হালিম, সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন। 

বক্তারা অবিলম্বে সাংবাদিক খলিলুর রহমান মৃধার মুক্তি, ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কারান্তরিণ সাংবাদিক খলিলুর রহমানের বাবা মোশারেফ মৃধা, স্ত্রী পৌরসভার সাবেক কাউন্সলর নারগিস আক্তার লুনা, ছেলে মুন্না মৃধা ও মেয়ে জান্নাতুল ফেরদৌস মাওয়া। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১