আপডেট : ১৬ May ২০২১
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অসংখ্য মানুষ। এ সকল মানুষ ও তাদের ব্যক্তিগত গাড়ির চাপে রোববার সকাল থেকে দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাটে ভিড় সৃষ্টি হচ্ছে। অপরদিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে এখনো পর্যন্ত প্রচুর ভিড় দেখা যায়। এদের অধিকাংশই ঈদের ছুটিতে আত্মীয়-স্বজনের বাড়ি বেড়াতে যাচ্ছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, ঈদের সংক্ষিপ্ত ছুটি শেষে রোববার হতে খুলে গেছে সরকারি-বেসরকারি অধিকাংশ অফিস। যে কারণে দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা হতে রাজধানীগামী চাকরিজীবি মানুষেরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। বাড়তি ভাড়া প্রদানসহ তারা নানা ধকল সামলে দৌলতদিয়া ঘাটে আসছেন। তবে যাদের মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি রয়েছে তারা অনায়াসেই ঘাটে এসে ফেরিতে উঠে যাচ্ছেন। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মানুষ ও গাড়ির ভিড় ক্রমেই বাড়ছে। সরেজমিন দুপুরে ঘাটে গিয়ে দেখা যায় রাজধানীমুধী শতশত মানুষ ফেরির উদ্দেশ্যে আসছেন। তবে পর্যাপ্ত ফেরি থাকায় ঘাটে বেশি সময় আটকে থাকতে হচ্ছে না। তারপরও ঘাটে একটি ফেরি ভিড়ার সাথে সাথে মানুষ গাদাগাদি করে উঠে পড়ছেন। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ত্বের কোন বালাই নেই। যশোর থেকে ট্রাকযোগে দৌলতদিয়া ঘাটে এসেছেন মোছা. মর্জিনা খাতুন নামের এক নারী। তিনি বলেন, ট্রাকের গায়ে লেখা দেখি “সাধারণ পরিবহণ, তবে আমি আজ থেকে বলবো এটা সাধারণ না অসাধারণ পরিবহন"। কেননা দূরপাল্লার পরিবহন যখন বন্ধ। তখন সাধারন মানুষের কর্মস্থলে ফেরার অন্যতম মাধ্যম হয়েছে এই ট্রাক। মাগুরার গ্রামের বাড়ি হতে ফেরা ফেরদৌসী আক্তার জানান, তিনি ঢাকার একটি প্রাইভেট ফার্মে কাজ করেন। দীর্ঘদিন বাড়িতে যেতে পারিনি। তাই ছুটি কম হলে বাবা-মায়ের সাথে ঈদ করতে বাড়িতে এসেছিলাম। পথে পথে অনেক ধকল পোহায়ে এ পর্যন্ত এসেছি। এখন ফেরিতে ওঠার অপেক্ষায় আছি। এ সময় পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলোতেও মানুষের ভিড় দেখা যায়। কেউ কেউ ঈদের ছুটিতে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। এদের বেশিরভাগই বিভিন্ন আত্মীয় -স্বজনদের বাড়িতে যাচ্ছিলেন। অল্প কিছু সংখ্যক ছিলেন কর্মস্থলমুখী। বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, ঈদ পরবর্তী যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্নে করতে নৌরুটে ১৬ টি ফেরি সচল রাখা হয়েছে। ঈদের ছুটি শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানীর দিকে ছুটতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীমুখী মানুষ ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ছে। আগামী কয়েকদিন এ চাপ অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১