আপডেট : ০৯ May ২০২১
যুক্তরাষ্ট্র ও ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাবার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার (০৯ মে) সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত এবং কাজী নাবিল আহমেদ অংশগ্রহণ করেন। বৈঠকে বিভিন্ন দেশ ও মাধ্যম থেকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির সর্বশেষ অবস্থা, বিদেশি সরকারপ্রধান/ রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন এবং ইরাকের নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কর্মপরিকল্পনা উপস্থাপিত হয় এবং বিশদ আলোচনা হয়। বৈঠকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে পররাষ্ট্র কমিটিকে ভাসানচরে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাবার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়। এছাড়া চীনের সিনোফার্ম ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করার জন্যও প্রচেষ্টা অব্যাহত রাখতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, ভুটান ও ভারতের সরকারপ্রধান /রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সকল কুটনৈতিক কর্মকাণ্ড সফলতার সাথে সমাপন করার জন্য কমিটি থেকে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। বৈঠকে ইরাকের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা এবং ইরাকে কর্মরত বাংলাদেশি মানবসম্পদকে সকল ধরনের সহযোগিতা প্রদানের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থতির কারণে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ রাখার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইরাকের নবনিযুক্ত রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১