বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০২১

আদালত দেখলে এক রকম বিক্রি, চলে গেলে আরেক রকম


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাট বাজারে সর্বত্রই কেজি ও পিসসহ অতিরিক্ত দামে তরমুজ বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা ছোট আকারের তরমুজ ২শ ও বড় আকারের ৫-৬শ টাকা বিক্রি করছে। একটি অসাধু চক্র সিন্ডিকেটের মাধ্যমে বেশী দামে বিক্রি করছে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হলে সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন সড়ক বাজার এলাকায় বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম ব্যবসায়ীদের কাছ থেকে চালান পত্র দেখতে চান। এরমধ্যে একটি দোকান দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়। সেই চালান পত্রে দেখতে পান অনেক কম দামে তরমুজগুলো তারা ক্রয় করেছেন। পরে তিনি ব্যবসায়ীদেরকে কেজিতে তরমুজ বিক্রি না করতে ও কম লাভে বিক্রি করার কথা বলেন। এই কথাশুনে স্থানীয় ফল বিক্রেতারা সবাই একবাক্যে অঙ্গীকার করেন তারা কেজিতে তরমুজ বিক্রি করবে না ও স্বল্প লাভে বিক্রি করবেন।

সবাই যাতে সাধ্যের মধ্যে থেকে ক্রয় করে খেতে পারেন এ জন্য ছোট আকারের একটি তরমুজ ১৫০ টাকা ও বড় তরমুজ ২০০-২৫০ শ টাকা বিক্রি নির্ধারন হয়। তবে ওই অঙ্গীকার তারা রাখেননি। সুযোগ বুঝে যে যার মতো করে বিক্রি করছেন। এমন অভিযোগ ক্রেতাদের।

তারা জানায়, ভ্রাম্যমান আদালতের গাড়ি দেখলেই ব্যবসায়ীরা অঙ্গীকার অনুযায়ী তরমুজ বিক্রি করেন। আর চলে গেলে অতিরিক্ত দামে বিক্রি করছেন। ফলে চরম ভোগান্তিতে পরছেন ক্রেতারা।

ক্রেতা মো. আলমগীর হোসেন বলেন, আদালতের সময় যে তরমুজ ২শ টাকায় কেনা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ওই রকম একটা তরমুজ ৩৫০ টাকায় কেনা হয়।

লিপি বেগম বলেন, অনেক্ষণ বাজারে ঘুরে ছোট সাইজের একটা তরমুজ ২শ টাকায় কেনা হয়। বাজারে তরমুজের দাম কমে নাই।

ব্যবসায়ী ফারুক মিয়া জানায়, আসলে তরমুজগুলো অনেক দাম দিয়ে ক্রয় করা হয়েছে। ব্যবসায়ীরা প্রশাসনের সাথে অঙ্গীকার অনুযায়ী স্বল্প লাভেই তরমুজ বিক্রি করছেন বলে জানায়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করার কোন সুযোগ নেই। বাজারের সকল ফল ব্যবসায়ীকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে নির্দেশ দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১