আপডেট : ২৪ April ২০২১
যশোর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তরল অক্সিজেন গ্যাসের চালান এসেছে। এক সপ্তাহে ২৯টি ট্যাংকারে ৫০০ মেট্রিক টন তরল অক্সিজেন গ্যাস আমদানি হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের পরিদর্শক ট্রাফিক এ কে এম সাইফ উদ্দিন। তিনি বলেন, গত ১৩ এপ্রিল থেকে অক্সিজেন আমদানি শুরু হয়। যার প্রতিটনের আমদানি মূল্য ১৬৫ মার্কিন ডলার। বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান এই অক্সিজেন আমদানি করেছেন তারা হচ্ছে—পিওর অক্সিজেন লিমিটেড, ইসলাম অক্সিজেন লিমিটেড, লিনতে বিডি লিমিটেড, স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড। গত সাতদিনে ২৯টি ট্যাংকারে করে ৪৯৮ মেট্রিকটন ৮৪০ কেজি অক্সিজেন বন্দরে ঢুকেছে। এসব অক্সিজেনের চালান দ্রুততম সময়ের মধ্যে বন্দর থেকে খালাস দেওয়া হচ্ছে। বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ চলছে। এতে আক্রান্ত ও মৃত্যের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন অতিব গুরুত্বপূর্ণ। ভারতে অক্সিজেন স্বল্পতা থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে সোহার্দ্য সমপ্রতি ও বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশকে তরল অক্সিজেন দিচ্ছে ভারত। বেনাপোল শুল্ক ভবনের কমিশনার আজিজুর রহমান বলেন, বন্দর থেকে পণ্য চালান খালাসের জন্য স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে সবাইকে কাজ করার জন্য বলেছি। আমরা পূর্ণপরিসরে স্বাভাবিক সময়ের মতো অফিস খোলা রেখেছি। অক্সিজেনের মতো পণ্য চালান দ্রুত খালাসের জন্য আমরা সবসময়ের জন্য প্রস্তুত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১