বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০২১

পানি ও বিদ্যুতের অভাবে ঘরে ওঠেননি সুবিধাভোগীরা


প্রায় তিন মাস আগে লালপুরে ৩৫ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধাপাকা ঘর এবং জমি হস্তান্তর করা হয়। কিন্তু সেসব ঘরে নেই বিদ্যুৎ সংযোগ, নেই পানীয়জলের ব্যবস্থা, বসানো হয়নি কোনো নলকূপ। তাই হস্তান্তরের তিন মাস পার হলেও ঘরে উঠেনি বেশিরভাগ গৃহহীন পরিবার।

উপজেলার মঞ্জিলপুকুর এলাকার প্রকল্প এলাকায় সরেজমিনে দেখা যায়, সেখানে ১৩ টি ঘর হস্থান্তর করা হয়েছে, কিন্তু দুটি ছাড়া বাকি ঘরে ঝুলছে তালা। এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, যাদের ঘর বরাদ্দ দেয়া হয়েছে- তাদের বেশিরভাগেরই নিজস্ব ঘর বাড়ি আছে, এছাড়া নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ ও পানীয় জলের ব্যবস্থা না করেই হস্তান্তর করা হয়েছে, তাই কেউ ঘরে উঠেনি। ওই প্রকল্পে ঘর পাওয়া এবং সেখানে বাস করা মমতাজ বেগম (৪৮) বলেন, আমার সঙ্গে বাকিরাও ঘরে পেয়েছেন, নতুন ঘরে পানি ও বিদ্যুৎ না থাকায় তারা কেউ এখানে আসছে না, তারা আগের বাড়িতেই থাকছেন, বিদ্যুৎ ও পানির অভাবে আমি এখানে অনেক কষ্টে বাস করছি, আমার নিজের কোনো বাড়ি না থাকায় বাধ্য হয়েই আমি এখানে থাকছি। এমন চিত্র উপজেলার গোধড়া, বাহাদুরপুরসহ বাকি প্রকল্পগুলোতেও।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গনি জানান, মানুষের বেঁচে থাকার জন্য সর্ব প্রথম প্রয়োজন পানি, আর এখানে সেই পানির কোনো ব্যবস্থা নেই, এছাড়া এখানে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। তাই কেই এখানে থাকছে না। এ সমস্যা সমাধানে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ হচ্ছেনা।

উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মাহাফুজুর রহমান কলেন, ঘর নির্মাণ করা ছিল আমাদের দায়িত্ব, আমরা আমাদের কাজটি সম্পন্ন করে হস্তান্তর করেছি। নলকূপ দিবে জনস্বাস্থ্য প্রকৌশল এবং বিদ্যুৎতের ব্যবস্থা করবে পল্লী বিদ্যুৎ।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহম্মেদ বলেন, প্রকল্প এলাকায় নলকূপ স্থাপনের জন্য মন্ত্রনালয় মৌখিক নির্দেশনা দিয়েছে, অতি সত্তর প্রকল্প এলাকায় নলকূপ স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম রেজাউল করিম বলেন, প্রকল্প এলাকায় সংযোগ দেয়ার জন্য লাইন নির্মাণ করা হয়েছে, কিন্তু প্রকল্পের সুবিধাভোগিদের ঘর ওয়ারিং না করায় এবং মিটারের জন্য অর্থ জমা না দেওয়ায়, আমরা সংযোগ দিতে পারছি না। এ বিষয়ে তাদেরকে বার বার তাগিদ দিলেও তারা আগ্রহী হচ্ছে না।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১