আপডেট : ০২ April ২০২১
হাসপাতালের এক ইঞ্চি জায়গা খালি থাকলেও কোনো রোগী সেবাবঞ্চিত হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনার প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে কোভিড ডেডিকেটেড হাসপাতালের সংখ্যা বৃদ্ধিসহ সব হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় নিজ বাসভবন থেকে অনলাইন জুম অ্যাপের মাধ্যমে অংশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজের নতুন ১০টি আইসিইউ বেড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার প্রকোপ দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে হাসপাতালের শয্যা দ্রুত বাড়ানোর কোনো বিকল্প নেই। এ কারণে সরকার কোভিড ডেডিকেটেড হাসপাতালের সংখ্যা বৃদ্ধিসহ সকল হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করছে। এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেটকে পুরোপুরি কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এই হাসপাতালে মোট সাড়ে ১২০০ করোনা ডেডিকেটেড শয্যা রয়েছে। এখানে ৫০টি আইসিইউ শয্যা ও ২০০টি এসডিও শয্যা রয়েছে। এর পাশাপাশি ১ হাজারটি আইসোলেশন শয্যা রয়েছে। এর বাইরে অন্যান্য সরকারি হাসপাতালের প্রতিটিতেই কোভিড শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮০০টির মতো করোনা ডেডিকেটেড শয্যা রয়েছে। এখানে প্রতিটি শয্যায়ই হাইফ্লো নেজাল ক্যানোলা সুবিধা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা মেডিকেলে আগের আইসিইউ, এসডিওর সঙ্গে আজ আরো ১০টি নতুন আইসিইউ শয্যা সংযুক্ত হলো। অন্যান্য সরকারি হাসপাতালেও করোনা রোগীদের জন্য সুবিধা বাড়ানো হচ্ছে। জাহিদ মালেক বলেন, যেভাবে প্রতিদিন করোনা বৃদ্ধি পাচ্ছে এভাবে চলতে থাকলে দেশে কোনো হাসপাতালেই রোগী রাখার জায়গা থাকবে না। এ জন্য করোনা বৃদ্ধি ঠেকাতে দলমতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে এখনই।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ১৮টি নির্দেশনার যথাযথ বাস্তবায়নসহ সব স্থানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে না পারলে আগামীতে এই প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হোসেনসহ ঢাকা মেডিকেল কলেজের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা এ সময় সভায় উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে অনলাইন ভিডিওর মাধ্যমে নতুন স্থাপিত ১০টি আইসিইউ বেডের ভিডিওচিত্র স্বাস্থ্যমন্ত্রীকে দেখান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১