বাংলাদেশের খবর

আপডেট : ২২ February ২০২১

ছুটির দিনে সড়কে ঝরল ১৩ প্রাণ


সারা দেশের সড়কে রোববার ঝরেছে তেরো প্রাণ। এর মধ্যে বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জনের প্রাণ গেছে। বাংলাদেশের খবর-এর প্রতিনিধিরা জানান-

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৬ জনের মৃত্যু : বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

সকাল ৬টার দিকে পৌর শহরের কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এসআর ট্রাভেলসের একটি বাস যাত্রী নিয়ে বগুড়া যাচ্ছিল। আর পাথরবোঝাই ট্রাকটি আসছিল বিপরীত দিক থেকে।

তিনি বলেন, কলেজ রোডে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে বাসের চালক-হেলপার ও ট্রাকের চালকসহ মোট ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন-দুর্ঘটনাকবলিত বাস চালক শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মনিন্দ্র নাথ সাহার ছেলে বাবলু সাহা ওরফে বাঘা (৫৫), একই বাসের হেলপার উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডা গ্রামের নজর আলীর ছেলে ইদ্রিস আলী (৪০), ট্রাক চালক খুলনা সদর উপজেলার আমজাদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২১), বগুড়া জেলার সদর উপজেলার হাজরাদীঘি গ্রামের তছলিম উদ্দীনের ছেলে ইয়াসিন আলী (৬৫), তার স্ত্রী হোসনে আরা ফিরোজা (৬০) ও একই উপজেলার দক্ষিণ নাটাইপাড়া গ্রামের মিন্টু সেখের ছেলে আকতার উদ্দিন (৪৫)।

এ ছাড়া আহতদের মধ্যে গুরুতর ইয়াকুব আলী (৪২), ইসতিয়াক হোসেন (১৮), ইমতিয়াজ হোসেন (৩), মর্জিনা বেগম (৪০), ফিরোজ আলী (৩৫), ছালমা বেগম (৩০), নাদিয়া আক্তার (৩৫), মৌসুমী আক্তার (৩২), পারভীন খাতুন (২৬), লাভলী আক্তারকে (৩৫) বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের সবার বাড়ি পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলায়। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তাদের নাম পরিচয় জানা যায়নি।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আলম বলেন, ‘বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গেলে বিপরীতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। সেখান থেকে ১৫ জনকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রাস্তার মাঝে উল্টে পড়ে থাকায় এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।

ফলে দুই দিকে অসংখ্য যানবাহন আটক পড়ে এবং প্রায় তিন কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী নিহত : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো দুই মোটরসাইকেল আরোহী।

নিহতরা হলেন-শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে সুজন বাঘা (২৭) ও একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী (২০)।

বেলা সাড়ে ১২টায় লৌহজংয়ের খানবাড়ি এলাকার পদ্মাসেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজা হোসেন জানান, ঢাকা থেকে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী শরিয়তপুর যাচ্ছিলেন। পথে এক্সপ্রেসওয়েতে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। আহত অপর দুই মোটরসাইকেল আরোহিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটিকে (ঢাকা মেট্রো ব-১৫-৫৯৪৯) জব্দ করা হয়েছে।

নরসিংদীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত : নরসিংদীর শিবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আলমগীর হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। ভোরে উপজেলার সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাসিন্দা। তিনি পিকআপের চালক ছিলেন।

শিবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, ভোররাতে মনোহরদী থেকে মাছবাহী একটি পিকআপ ইটাখলার দিকে যাচ্ছিল। পিকআপটি উপজেলার সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছালে ইটাখলাগামী একটি ট্রাককে পেছনের দিক থেকে ধাক্কা দেয়।

এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই পিকআপের চালক আলমগীর মারা যান। আর পিকআপে থাকা দুজন আহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিকআপের চালকের ঘুমিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত পিকআপটি আমাদের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নওগাঁয় ট্রাক্টরচাপায় স্ত্রী নিহত, স্বামী-মেয়ে আহত : নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক্টরের চাপায় রেহেনা বেগম (৩০) নামে এক নারী নিহত এবং তার স্বামী ও মেয়ে আহত হয়েছেন।

দুপুরে জেলার মান্দা উপজেলার মান্দা-নিয়ামতপুর আঞ্চলিক সড়কের গোয়ালপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেহেনা বেগম পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার দারাজ পুর গ্রামের সইবর আলীর স্ত্রী। গুরতর আহতরা হলেন-নিহত রেহেনার স্বামী সইবর রহমান ও তার মেয়ে শাকিলা (১১)। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২ : রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় কিবরিয়া (১৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর ভিভিআইপি টার্মিনালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

অপর ঘটনায় শ্যামপুরের নিউ জনতা মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় কাবুল (২৬) নামের এক পরিবহনশ্রমিক নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রথম ঘটনায় আহত অবস্থায় কিবরিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রোববার ভোরে তাকে মৃত ঘোষণা করেন।

কিবরিয়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার শহীদ হোসেনের ছেলে। সে উত্তরখান বালুর মাঠ এলাকায় থেকে চালাবনে একটি মোটর গ্যারেজে কাজ করত।

সকালে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রাতে সুমন (১৮) নামে তার এক বন্ধুর মোটরসাইকেলে করে বাড্ডা থেকে বাসায় ফিরছিল কিবরিয়া। পথে বিমানবন্দর ভিভিআইপি গেটের সামনে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে কিবরিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তবে সুমনের কোনো আঘাত লাগেনি। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, এখন পর্যন্ত ট্রাকটি শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দ্বিতীয় ঘটনায় শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সমরেশ কুমার দাস জানান, শ্যামপুরের নিউ জনতা আয়রন মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় একটি ময়লার ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন কাবুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ময়লার ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, নিহত কাবুল বরিশালের কোতোয়ালি উপজেলার কর্নকাঠী গ্রামের সালাম খানের ছেলে। শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। রাইদা পরিবহনে হেল্পার হিসেবে কর্মরত ছিলেন কাবুল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মাগুরায় ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর বাজার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় রাজু (২৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। দুপুরে মাগুরা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজু একই উপজেলার কাদিরপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেল চালিয়ে মাগুরা-শ্রীপুর সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন রাজু। পথে রাজানগর বাজার এলাকায় সড়কের পাশে মোটরসাইকেলের ওপর বসে পাশের দোকান থেকে বোতলে করে জ্বালানি তেল কিনছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১