বাংলাদেশের খবর

আপডেট : ২১ February ২০২১

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষ


শহীদ মিনারে ফুল দিতে গিয়ে পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ছিড়ে পদদলিত করা হয়েছে পুষ্পার্ঘ। আজ রোববার ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৌর সদরের পাবলিক মাঠ সংলগ্নশহীদ মিনার চত্বরে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, রাত ১২টা ১মিনিটেই উপজেলা প্রশাসনের পক্ষে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ শুরু হয়। এরই কিছুক্ষণ পরে আহ্বান জানানো হয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে একই সঙ্গে বেদীতে ফুল দেয়ার। এ সময় শহীদ বেদীতে ফুল নিয়ে ওঠেন সাবেক চিফহুইপ আ. স. ম ফিরোজ এমপির নেতৃত্বাধীন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। একই মুহুর্তে বেদীতে ফুল নিয়ে ওঠেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরাও। শুরু হয় আগে-পরেফুল দেয়া নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটিও হাতাহাতি। এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগের ফুলের তোড়া ভেঙ্গে ফেলে দেয়া হয় শহীদ মিনারের পাদদেশে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে শহীদ মিনার চত্বরে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, ওসি মোস্তাফিজুর রহমানসহ প্রায় অর্ধশত পুলিশ সদস্য। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগে হুমকি দিয়ে সবাইকে শান্ত থাকতে মাইকে ঘোষণা দেওয়া হয়। তবে অবাঞ্ছিত এ ঘটনায় আরো অপ্রতিকর ঘটনা এড়াতে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণে আসা একাধিক সামাজিক প্রতিষ্ঠানসহ অনেককেই ফুল না দিয়ে শহীদ মিনার চত্বর থেকে ফিরে যেতে দেখা যায়।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসান জানান, আমাদের শান্তিপূর্ণ শ্রদ্ধা নিবেদনে এমপি ফিরোজপন্থীরা হামলা চালিয়ে শহীদের পুষ্পার্ঘ ছিড়ে ফেলে পদদলিত করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। হাইব্রিড আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ধ্যায় পৌরসদরে বিক্ষোভ মিছিল করা হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১