বাংলাদেশের খবর

আপডেট : ২১ February ২০২১

সখীপুরে কলা গাছের শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা


মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলা গাছের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো টাঙ্গাইলের সখীপুর উপজেলার কিছু শিশু। রোববার সকালে উপজেলার আড়াইপাড়া গ্রামের শিশুরা কলা গাছ দিয়ে প্রতীকী শহীদ মিনার নির্মাণকরে। পরে ওই শিশুরা কলা গাছের শহিদ মিনারে শ্রদ্ধা জানায়।

ওই সব শিশুদের সাথে কথাবলে জানা যায়, বই পড়ে মাতৃভাষা দিবসের ইতিহাস জানতে পেরে ভাষা শহীদদের প্রতি এভাবেই গভীর শ্রদ্ধা জানায় তারা। গ্রাম অঞ্চলে স্থায়ী কোনো শহীদ মিনার না থাকায় এবং বিদ্যালয় দূরে হওয়ায় কলা গাছের অস্থায়ী শহীদ মিনারে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

ওই গ্রামের ৭ম শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ভাষা আন্দোলনের বিষয়ে বই পড়ে জেনেছি। আমরা কয়েক বছর ধরে ফুল কিনে কলা গাছের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে আসছি। তবে এবার টাকা না থাকা পলাশ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

একই এলাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাতুল বলে, ভাষা শহীদদের সম্মানে বন্ধুরা মিলে শহীদ মিনার বানিয়েছি। সে মিনারে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।

এ বিষয়ে কালিয়া ইসলামীয়া সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক সাজ্জাত লতিফ বলেন, ভোরে শহীদ মিনারে ফুল দিতে প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হই। যাওয়ার পথে দেখি ওইসব শিশুরা কলা গাছের প্রতীকী শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে। এটি দেখে আমিও তাদের সাথে ভাষা শহীদদের সম্মানে শ্রদ্ধা জানাই। মাতৃভাষা দিবসে কোমলমতি শিশুদের এ ভালবাসা সত্যিই অসাধারণ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১