আপডেট : ২০ February ২০২১
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের একটি গাছ কেটে নিয়ে যাবার সংবাদ দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার অনলাইন ও প্রিন্ট সংস্করণে “সেনবাগে সরকারি গাছ কেটে নিল ইউপি চেয়ারম্যান” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রশাসনের দৃষ্টি গোচর হলে শুক্রবার রাতে মোহাম্মদপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী মেডিকেল অফিসার ডাক্তার আবুল হোসেন বাদি হয়ে স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাজী রুহল আমিন ভূঁইয়া বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুল বাতেন মৃধা। স্থানীয়দের অভিযোগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাজী রুহুল আমিন ভূঁইয়া বৃহস্পতিবার দুপুরে দুই জন শ্রমিক দিয়ে প্রায় ২০ হাজার টাকা মূল্যের ওই গাছটি কেটে ফেলেন। এসময় এলাকাবাসী প্রতিরোধের মুখে কাটা গাছটি পুকুরের পানিতে ফেলে রাখেন তিনি। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বাংলাদেশের খবর প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম সরেজমিনে পরিদর্শন করে তথ্য বহুল সংবাদ পরিবেশন করলে সংবাদটি স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাতে চেয়ারম্যানকে অভিযুক্ত করে ওই মামলা দায়ের করা হয়। এব্যাপারে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি গাছ কাটার সত্যতা নিশ্চিত করে জানান, পরিষদের দরজা-জানালা মেরামত করার জন্য তিনি হাসপাতালের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওই গাছটি কেটেছেন। নাম প্রকাশ না করা শর্তে পরিষদের একাধিক মেম্বার জানান, পরিষদ ভবনের মেরামতের জন্য প্রায় ৪লাখ টাকা প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু চেয়ারম্যান কি কারণে স্বাস্থ্য বিভাগের সরকারি গাছ কেটেছেন তা তাদের বোধগম্য নয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১