আপডেট : ১৯ February ২০২১
এপ্রিলে শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৪ তম আসর। সেই আসরে খেলার সুযোগ পেয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল বৃহস্পতিবার নিলামে তিন কোটি ২০ রুপি দিয়ে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল চলার সময়েই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। কিন্তু সেই সিরিজে না খেলে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করে ছুটি চেয়েছেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান। আলোচনা সাপেক্ষে সাকিবের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি জানান, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়ে সাকিব বিসিবি বরাবর একটি চিঠি দিয়েছেন। কারণ তিনি আইপিএল খেলতে চান। আমরা তাকে অনুমতি দিয়ে দিয়েছি। কারণ যার জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা নেই তাকে আটকে রাখার কোনো অর্থ নেই। যদিও বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ ও আইপিএল, কোনটির সূচিই এখনও চূড়ান্ত হয়নি। তবে এপ্রিলে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলার কথা রয়েছে লঙ্কানদের। অপারেশন্স কমিটির পক্ষ থেকে আকরাম খান জানান, শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ ও আইপিএল একই সময়ে অনুষ্ঠিত হবে। এই সিরিজে সাকিব টেস্ট খেলতে চায় না। সাকিব বিসিবিকে চিঠি দেয়, সে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে আগ্রহী নয়। সে আইপিএল খেলতে চায়। আমরা বোর্ডে মিটিং করেছি। সিদ্ধান্ত হয়েছে, কোনো ক্রিকেটার যদি টেস্ট বা ওয়ানডে খেলতে না চায়, আমরা জোর করবো না। জোর করে কারও কাছ থেকে পারফরমেন্স বের করা কঠিন। আকরাম খান আরও জানান, সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ও খেললে, ম্যাচটা হয়তো আমরা জিততে পারতাম। এখন আর কিছু করার নেই। ওকে ছাড়াও তো অনেক সময় ভালো খেলেছি। তবে, অবশ্যই ওকে মিস করবো। এক বছরের নিষেধাজ্ঞার কারণে গেল আসরে আইপিএল খেলতে পারেননি সাকিব। নিষেধাজ্ঞা কাটায় এবার সুযোগ এসেছে তার সামনে। তাই দেশের হয়ে টেস্ট না খেলে আইপিএল মাতানো নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। দেশের ক্রিকেটের চেয়ে আইপিএল বেশি গুরুত্বপূর্ণ কিনা? এমন প্রশ্নও উঠেছে সমর্থকদের মাঝে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১