বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০২১

সেনবাগে স্বাস্থ্য বিভাগের গাছ কেটে নিল ইউপি চেয়ারম্যান


নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের একটি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাজী রুহল আমিন ভূঁইয়া বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি দুই জন শ্রমিক দিয়ে প্রায় ২০ হাজার টাকা মূল্যের ওই গাছটি কেটে ফেলেন। এসময় এলাকাবাসী প্রতিরোধের মুখে কাটা গাছটি পুকুরের পানিতে ফেলে রাখেন তিনি।

স্থানীয়দের অভিযোগ তিনি ওই স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী মেডিকেল অফিসার ডাক্তার আবুল হোসেনের যোগসাজশে এর আগেও প্রায় ৫০ হাজার টাকা মূল্যের আরো দুইটি গাছ কেটে নিয়ে যান।

এব্যাপারে যোগাযোগ করলে উপ-সহকারী মেডিকেল অফিসার (সেকমো) ডাক্তার আবুল হোসেন গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেন। তবে, উর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ভাবে জানালেও লিখিত ভাবে জানাননি বলে নিশ্চিত করেন তিনি।

এব্যাপারে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি গাছ কাটার সত্যতা নিশ্চিত করে জানান, পরিষদের দরজা-জানালা মেরামত করার জন্য তিনি হাসপাতালের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওই গাছটি কেটেছেন।

নাম প্রকাশ না করা শর্তে পরিষদের একাধিক মেম্বার জানান, পরিষদ ভবনের মেরামতের জন্য প্রায় ৪লাখ টাকা প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু চেয়ারম্যান কি কারণে স্বাস্থ্য বিভাগের সরকারি গাছ কেটেছেন তা তাদের বোধগম্য নয়।

এব্যাপারে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি এলাকাবাসীর নিকট থেকে গাছ কাটার বিষয়টি জেনেছেন বলে জানান। তবে, সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্র কোন লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১