বাংলাদেশের খবর

আপডেট : ১৭ February ২০২১

ব্লেন্ডার মেশিনে মিলল আধা কেজি স্বর্ণ, আটক ২


শাহজালালে ব্লেন্ডারে লুকানো আধা কেজি স্বর্ণবারসহ ২ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ বুধবার বিমানবন্দরের বহিরাঙ্গনের পার্কিং এলাকা থেকে ওই দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মোঃ আলমগীর হোসেন (৩৭) ও মোঃ আমির হোসেন (৩৬)। তাদের দুইজনই শরীয়তপুরের।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ বুধবার মালয়েশিয়া হতে আগত যাত্রী মোঃ আলমগীর হোসেন  এবং মোঃ আমির হোসেনের (৩৬) মালামালের মধ্যে থাকা ৩টি ব্লেন্ডার মেশিনের ভেতরে বিশেষ কৌশলে রাখা অবস্থায় ১০০ গ্রাম ওজনের ৫টি গোল্ডবার উদ্ধার করা হয়। এছাড়া আরো প্রায় ৫ ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। যার সর্বমোট বাজারমূল্য ৩৩ লাখ টাকা। এছাড়া ১২ টা মোবাইলও উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, দানেশ নামের এক মালয়েশিয়া প্রবাসী তাদের এই ব্লেন্ডার দেয়। তা দানেশের স্ত্রীর কাছে পৌঁছানোর কথা ছিলো। দানেশের বাড়িও শরিয়তপুরের জাজিরায়।

আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১