বাংলাদেশের খবর

আপডেট : ১৭ February ২০২১

নির্ধারিত মূল্যে ভোজ্য-তেল বিক্রয় নিশ্চিত করা হবে : বাণিজ্যমন্ত্রী


নিত্য প্রয়োজনীয় পণ্য বিপণন সংক্রান্ত সরকারি ও ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় কমিটি ভোজ্য তেলের যে মূল্য বেঁধে দিয়েছে, সেই মূল্যেই ভোজ্য-তেল বিক্রয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, খোলা-বাজারে নির্ধারিত মূল্য তেল বিক্রি হচ্ছে কি-না, তা আমরা এবার শক্তভাবে মনিটারিং করব।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণী জাতীয় কমিটির সভায় ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করা হয়। এতে বাণিজ্যমন্ত্রী সভাপতিত্ব করেন।

সভাশেষে প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমদানি মূল্য ও জাহাজে তেলের পরিবহন খরচসহ সব কিছু বিবেচনায় নিয়ে প্রতি লিটার সয়াবিন (খোলা) মিলগেটে ১০৭ টাকা,পরিবেশক মূল্য ১১০ টাকা এবং খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতি লিটার বোতলজাত সয়াবিন মিলগেট মূল্য ১২৩ টাকা, পরিবেশক মূল্য ১২৭ টাকা ও খুচরা বিক্রয় মূল্য ১৩৫ টাকা। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন মিলগেট মূল্য ৫৯০ টাকা,পরিবেশক মূল্য ৬১০ টাকা ও খুচরা বিক্রয় মূল্য ৬৩০ টাকা। প্রতিলিটার পাম সুপার (খোলা) মিলগেট মূল্য ৯৫ টাকা, পরিবেশক মূল্য ৯৮ টাকা ও খুচরা বিক্রয় মূল্য ১০৪ টাকা বেঁধে দেয়া হয়েছে।

টিপু মুনশি বলেন, বর্তমানে তেলের যথেষ্ট মজুদ আছে। এরপরও রমজানকে সামনে রেখে মজুদ বাড়াতে হবে, যাতে কোনভাবে সংকট তৈরি না হয়। এ জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। এছাড়া নিয়মিত সভা করে আন্তর্জাতিক মূল্যের সাথে সামঞ্জস্য রেখে ভোজ্য তেলের মূল্য পুনঃ নির্ধারণ করা হবে।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলুু কুমার সাহা, বিএফটিআই পরিচালক মো. ওবায়দুল আজম, বাংলাদেশ ট্রেড এন্ড টেরিফ কমিশনের সদস্য (বাণিজ্যনীতি) আবু রায়হান আলবেরুনী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টিকে গ্রুপের পরিচালক মো. সফিউল আফসার তাজলিম, সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী এবং এস আলম গ্রুপের সিনিয়র মহা-ব্যবস্থাপক কাজী সালাহ উদ্দিন আহমেদ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১