বাংলাদেশের খবর

আপডেট : ২৫ January ২০২১

এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী


এবারের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) সদ্য স্থাপিত ‘বঙ্গবন্ধু ম্যুরাল’-এর উন্মোচন এবং ১৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। নিজের সরকারি বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছিলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেছেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসে প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন কোনোরকম স্বাস্থ্যবিধি না মেনে তোমরা যেভাবে আন্দোলন করছো, এক্ষেত্রে বরং করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষার ব্যবস্থা করা হবে। সুতরাং তোমাদের এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছিল। কিন্তু সে সময় সংক্রমণ হার বেশি থাকায় সরকার তাদের নিরাপত্তার কথা চিন্তা করে অটোপাসেরর চিন্তা করেছে। কিন্তু ২০২১ সালে যারা পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তারা তো তেমন প্রস্তুতি নিতে পারেনি। সুতরাং তাদের অটোপাস দেওয়া সম্ভব নয়। সংক্রমণ হারও আস্তে আস্তে কমে যাচ্ছে।

নায়েমের মহাপরিচালক প্রফেসর আহম্মেদ সাজ্জাদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১