বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০২০

ট্রেনযাত্রীদের প্রাণ বাঁচানোয় মা-ছেলে পেল পুরস্কার


মতলুব হোসেন, জয়পুরহাট 

উপস্থিত বুদ্ধি দিয়ে নিশ্চিত ট্রেন দুর্ঘটনার হাত থেকে শত শত যাত্রীকে রক্ষা করা জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগুরী গ্রামের সেই কিশোর সাজিদ ও তার মাকে  পুরস্কৃত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ সাজিদ ও তার মায়ের হাতে তুলে দেন পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  বরমান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ-শেফা।

গত ২৭ ডিসেম্বর দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুরী গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সহিদা বেগম বাড়ির পাশের রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় তিনি একটি রেল লাইনে ফাটল দেখে সঙ্গে সঙ্গে তিনি লাঠিতে লাল গেঞ্জি লাগিয়ে ছেলে সাজিদকে তা উড়াতে বলেন। পরে সাজিদ লাল গেঞ্জি উড়িয়ে থামিয়ে দেন ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনটি। এতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনে থাকা শত শত যাত্রী। সেই সঙ্গে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় কোটি কোটি টাকার মহামূল্যবান ট্রেনটি।

সাজিদ হোসেন জানায়, মায়ের নির্দেশে যাত্রীদের প্রাণ ও ট্রেন বাঁচাতেই লাল গেঞ্জি নিয়ে রেল লাইনে দাঁড়িয়েছিলাম, ট্রেন আসা দেখে লাঠিতে লাগানো ওই লাল গেঞ্জি উড়ালে যখন ট্রেন থামল, তখন ভীষণ ভয় পেয়েছিলাম। তারপর যখন ট্রেনযাত্রী, ট্রেনচালক ও এলাকার অনেক মানুষ এসে খুব শাবাশ দিল তখন কী যে ভালো লাগল তা আর বোঝাতে পারব না, সবচেয়ে বড় কথা, দুর্ঘটনার হাত থেকে শত শত যাত্রীসহ ট্রেনটিকে রক্ষা করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১