বাংলাদেশের খবর

আপডেট : ১৬ November ২০২০

আ. লীগ নেতা আতিক হত্যা মামলার রায় ২ ডিসেম্বর


রাজধানীর কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। আদালত। আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আগামী ২ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন। এ দিন মামলাটির রায় ঘোষণার জন্য ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় নতুন এ দিন ধার্য করেন আদালত।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এ মামলার আসামিরা হলেন গুলজার হোসেন, শম্পা, আশিক, শিহাব আহম্মেদ ওরফে শিবু, আহসানুল কবির ইমন, তাজুল ইসলাম তানু, জাহাঙ্গীর খাঁ ওরফে জাহাঙ্গীর এবং রফিকুল ইসলাম ওরফে আমিন ওরফে টুণ্ডা আমিন।

আসামিদের মধ্যে শম্পা, জাহাঙ্গীর ও আহসানুল কবীর বর্তমানে কারাগারে। গত ১০ আগস্ট আদালত জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর আসামিরা পলাতক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১০ ডিসেম্বর নিখোঁজ হন ইউপি চেয়ারম্যান ও তৎকালীন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরী। পরদিন ১১ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার একটি হাসপাতালের পাশ থেকে তার আগুনে পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। আসামিরা তাঁকে হত্যা করার পর মৃতদেহ গোপন করার উদ্দেশ্যে তা পুড়িয়ে ফেলে। পরে তার সঙ্গে থাকা কাগজ ও এটিএম কার্ড দেখে লাশ শনাক্ত করেন নিহতের ছেলে সাইদুর রহমান ফারুক চৌধুরী।

 ঘটনায় নিহতের ছেলে কোণ্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ২ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১