বাংলাদেশের খবর

আপডেট : ০২ October ২০২০

ঘোড়াঘাটের নতুন ইউএনও রাফিউল আলম


বহুল আলোচিত সন্ত্রাসী হামলার শিকার ইউএনও ওয়াহিদা খানমের স্থলাভিষিক্ত হয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাফিউল আলম।

গতকাল বৃহঃপতিবার সন্ধ্যায় তিনি ঘোড়াঘাট উপজেলায় যোগদান করেন।

রাফিউল আলম দীর্ঘদিন যাবত পাবনার ফরিদপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৩ এপ্রিল তাকে এসি ল্যান্ড থেকে পদোন্নতি দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জুলাই তাকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গত ৩০শে সেপ্টেম্বর দিনাজপুর জেলা প্রশাসনে যোগদান করে ঘোড়াঘাট উপজেলার দায়িত্বভার গ্রহণ করলেন তিনি।

ইউএনও রাফিউল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে পড়াশুনা শেষ করে ৩৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন।

নবাগত ইউএনও রাফিউল আলম বলেন, আমি চাকরি জীবনে প্রথম নির্বাহী কর্মকর্তা হিসেবে একটি উপজেলার দায়িত্ব গ্রহণ করলাম। আমি সকলের সহযোগীতা নিয়ে কাজ করতে চাই। কিছুদিন আগে ঘোড়াঘাট উপজেলায় একটি লজ্জাজনক ঘটনা ঘটে গেছে। সেই দিকে খেয়াল রেখেই আমি এই উপজেলার সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।

উল্লেখ, গত ৩রা সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার সময় সরকারী বাস ভবনে ঢুকে ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করে তারই বাসভবনের চাকরিচ্যুত কর্মচারী রবিউল ইসলাম। জীবন মরন সন্ধিক্ষণে তাকে চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৬ সেপ্টেম্বর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১