বাংলাদেশের খবর

আপডেট : ১২ September ২০২০

২০২২ সালে কক্সবাজারে রেল আসবে : রেলমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে একটি পরিপূর্ণ আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েই কাজ করছেন উল্লেখ করে রেল মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি বলেন, ঢাকা থেকে কক্সবাজার রেল চলাচল শুরু হলে দেশের পর্যটন শিল্প ও অর্থনৈতিক খাতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। আমরা আশা করছি ২০২২সাল নাগাদ কক্সবাজারে রেল আসবে। সে লক্ষ্যে কাজ দ্রুত এগিয়ে চলছে।

তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী আমরা পেছনে ফিরে যেতে চায় না, সামনে এগিয়ে যাওয়াই শেখ হাসিনার সরকারের কাজ। বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ দেশ হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তাই কোনো গুজবে কান না দিয়ে সরকারের উন্নয়নে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি মন্ত্রী আহবান জানান।

শনিবার কক্সবাজারের ঝিলংজা হাজি পাড়ায় রেললাইন প্রকল্পের অধিগ্রহণ করা ভূমি মালিকদের মাঝে প্রায় এক কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণকালে এ কথা বলেন।

মন্ত্রী পরে দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের কক্সবাজার প্রান্তে ঝিলংজা হাজি পাড়া, রামু ফতেখাঁরকুলসহ বিভিন্ন স্থানে কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসার, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, ভুমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ মাহমুদউল্লাহ মারুফ, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১