বাংলাদেশের খবর

আপডেট : ৩০ August ২০২০

মধুমতিতে নৌকা থেকে পড়ে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার, সন্তান এখনো নিখোঁজ


গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীর কালনা ঘাট এলাকায় ইঞ্জিন চালিত নৌকা থেকে পড়ে যাওয়া পুলিশ সদস্য আবু মুসা রেজোয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দুরে মইষা ঘাটা এলাকায় রোববার সকালে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিহতের লাশ তার স্বজনদের কাছে বুঝে দেয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাবার সাথে পানিতে পড়ে নিখোঁজ ৬মাস বয়সের শিশু সন্তান আনাস-এর খোঁজ মেলেনি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশ তার স্বজনদের কাছে বুঝে দেয়া হয়েছে।

এদিকে, পুলিশ সদস্য মুসার লাশ তার গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চাচই গ্রামে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারীতে সেখানে উপস্থিত লোকজন যারা ছিল, তাদের এমন কেউ ছিল না যাদের চোখের পানি পড়েনি।

গতকাল সকাল থেকে দুর্ঘটনাস্থলকে কেন্দ্র করে নদীর দুই কিলোমিটার পর্যন্ত স্রোতের গতিপথে তল্লাশি কার্যক্রম চালায় ডুবুরি দল। কিন্তু, নদীতে প্রচণ্ড স্রোতে উদ্ধার অভিযান ব্যাহত হয় এবং সন্ধ্যায় তারা উদ্ধার তৎপরতা বন্ধ করে চলে যান।

উল্লেখ্য, শুক্রবার (২৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৬মাস বয়সের শিশু সন্তানসহ পুলিশ সদস্য আবু মুসা রেজোয়ান ইঞ্জিন চালিত ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন। এদিন একটি ট্রলারে করে মুসা তার পরিবারের ৬জন সদস্য নিয়ে ঘুরে বেড়ানোর উদ্যেশ্যে কাশিয়ানী উপজেলার কালনায় মধুমতি নদীতে বেড়াতে যান। এক পর্যায়ে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে পানির স্রোতে ট্রলারটি নির্মাণাধীন কালনা ব্রিজের পিলারে গিয়ে সজোরে ধাক্কা লাগে। তখন পুলিশ সদস্য মুসা ও তার কোলে থাকা শিশুটি পানিতে পড়ে যায়। তার পর থেকেই বাবা-ছেলে নিখোঁজ হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১