আপডেট : ২১ July ২০২০
করোনার পরীক্ষা নিয়ে প্রতারণা করার মামলায় গ্রেপ্তার রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। অন্য আসামিরা হলেন- সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যানের ছেলে ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম, হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক আবুল হাসনাত ও ইনভেনটরি অফিসার শাহরিজ কবির। এর আগে, মামলার আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র্যাবের একটি ভ্রামমাণ আদালত সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায়। এ সময় কোভিড-১৯ পরীক্ষার জন্য অননুমোদিত কিট, ভুয়া পরীক্ষার সনদ সরবরাহ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়ম পায় তারা। এ অভিযানের সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল হাসনাত এবং শাহরিফ কবির নামে এক কর্মকর্তাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন সোমবার রাতে রাজধানী গুলশানের একটি হোটেল থেকে ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, গুলশান থানায় র্যাব-১ এর দায়ের করা মামলায় ফয়সালকে গ্রেপ্তার করা হয়। সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১