আপডেট : ২১ July ২০২০
টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানির স্রোতে ঝিনাই নদীর দাপনাজোর এলাকার সেতুটি ভেঙে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ১৫ থেকে ২০ গ্রামের মানুষ। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর এলাকায় ঝিনাই নদীর উপর নির্মিত সেতুটির পূর্বাংশের একটি পিলার ও দুইটি স্ল্যাব ভেঙে যায়। স্থানীয়রা জানান, সেতুটি ভেঙে যাওয়ায় উপজেলার আইসড়া, একঢালা, দোহার, দাপনাজোর, দেউলী, জশিহাটী, হাকিমপুর, মোড়াকৈসহ প্রায় ১৫ থেকে ২০টি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে সেতুটির তলদেশ থেকে মাটি সরে গিয়ে এই অবস্থা হয়েছে বলেও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। স্থানীয় ইউপি সদস্য মহসিনুজ্জামান বলেন, ‘ঝিনাই নদীতে বন্যার পানির ব্যাপক স্রোত থাকে। এ কারণে সেতুটির পিলারের নিচের মাটি সরে গিয়ে দুইটি স্ল্যাব ও একটি পিলার ভেঙে পড়েছে। ফলে ১৫-২০টি গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন এ এলাকার মানুষ। উপজেলা এলজিইডি'র প্রকৌশলী রোজদিদ আহমেদ বলেন, ‘বর্ষার পানির স্রোতে ১২০ মিটার সেতুটির ৩০ মিটার স্ল্যাব ও একটি পিলার ভেঙে পড়েছে। সেতুটি ১৯৯৮ সালে নির্মাণ করা হয়েছিল। নতুন করে সেখানে ২৮২ মিটারের একটি সেতু নির্মাণের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়েছে। বর্ষার পানি চলে গেলেই সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১