বাংলাদেশের খবর

আপডেট : ২১ June ২০২০

অনুমান নির্ভর ওষুধ মজুত না করার আহ্বান কাদেরের


করোনা পরিস্থিতিতে অনুমাননির্ভর ওষুধ মজুত না করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এটি অপ্রয়োজনীয় এবং হিতে বিপরীত হতে পারে। এছাড়াও চিকিৎসকদের পরামর্শ ছাড়া অক্সিজেন ব্যবহারের বিষয়েও সতর্ক করেন তিনি।

আজ রোববার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এমন আহবান জানান।

করোনা টেস্ট করতে এবং রিপোর্ট পেতে হয়রানির শিকার হচ্ছে আবার কেউ কেউ দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের সমন্বয় বৃদ্ধির মাধ্যমে নমুনা গ্রহণ, স্বল্প সময়ে রিপোর্ট প্রদানের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন,  ‘কিছু বেসরকারি হাসপাতাল কোভিড রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও এখনও অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যান্য রোগের চিকিৎসাও ঠিক মতো হচ্ছে না বলেও রিপোর্ট আছে। হাসপাতাল, মালিক, চিকিৎসক ও সংশ্লিষ্টদের এ কঠিন সময়ে ব্যবসার চাইতে মানবিকতা গুরুত্ব দিন।’

ওবায়দুল কাদের বলেন, করোনায় অনেক রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অধিক সংখক মৃত্যুবরণ করেছেন। দেশ ও জাতির এই কঠিন সময়ে আওয়ামী লীগই ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে।

করোনার এ সংকটে গণমাধ্যম কর্মীদের বেতন-ভাতা অব্যাহত রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও জাতির এই কঠিন সময়ে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণে নিয়ে বিজ্ঞাপন দাতাদের সাধ্যমতো উদারতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১