বাংলাদেশের খবর

আপডেট : ২৯ May ২০২০

হাজীগঞ্জে গায়ে আগুন দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা


চাঁদপুরে হাজীগঞ্জে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।  শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রী মারা যায়।

নাসরিন আকতার চাঁদনী উপজেলার সদর ইউনিয়নের সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার বাবা আনোয়ার হোসেন কাতার প্রবাসী। ১ ভাই ২ বোনের মধ্যে চাঁদনী দ্বিতীয়।

তবে কেউ কেউ বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চাঁদনী মারাত্মক দগ্ধ হয়েছিল।  

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজ ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে চাঁদনী। এ সময় ঘরে কেউ ছিল না।  পরে বাড়ীর লোকজন চিৎকার শুনতে পেয়ে ওই ঘরে ঢুকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাপাতাল কর্তৃপক্ষ মুমূর্ষূ অবস্থায় চাঁদনীকে ঢাকা মেডিকেল কলেজে পাঠায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মুঠোফোনে জানান, চাঁদনী নামের মেয়েটির ৮০ ভাগ শরীরই আগুনে পুড়ে গেছিলো।

নিহত চাদনীর দাদী জানান, চাঁদনীর বাবা আনোয়ার হোসেন কাতারে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার ২টি কিডনী অচল। এ অবস্থায় বাড়ীতে ফোনও করতে পারছে না।  সরকারি ত্রাণ সহায়তায় তাদের পরিবারটি চলে। সম্প্রতি সময়ে শেখ হাসিনার উপহার ২৫০০ টাকা পেয়েছে। বাবার খুবই আদরের মেয়ে ছিল চাঁদনী। বাবার কথা চিন্তা করেই হতাশাগ্রস্থ থেকে সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, চাঁদনী নামের একটি মেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে।

তিনি জানান, বাবার বাড়ীতেই এক ঘরে মেয়েটি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে বলে জেনেছি। তবে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১