বাংলাদেশের খবর

আপডেট : ২০ May ২০২০

প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের ফোন: করোনা মোকাবেলায় বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব


বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দিতে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছে চীন।

বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে বলেন, ‘আপনারা চাইলে করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে আমরা প্রস্তুত রয়েছি।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিকাল ৫টার দিকে চীনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন এবং বাংলাদেশের করেনা পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

প্রায় ২৫ মিনিটের টেলিফোন আলাপে চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলে দেশটির প্রেসিডেন্ট শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।

জিনপিং বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবসময় আমরা পাশে আছি এবং আন্তর্জাতিক ফোরামেও সমর্থন দিয়ে যাব।’

বাংলাদেশের সাথে ‘কৌশলগত অংশীদারিত’ জোরদারেও চীন কাজ করে যাবে বলে উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট।

প্রেস সচিব জানান, বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সহানুভূতি প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

এ সময় মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিজের আহ্বান আবারও পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।

প্রেস সচিব বলেন, মহামারির এ সময়ে চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী প্রেরণ করায় উভয় নেতা পরস্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১