বাংলাদেশের খবর

আপডেট : ২৩ April ২০২০

জামালপুরে নমুনা সংগ্রহের পাঁচ দিন পর রিপোর্ট এলো করোনা পজেটিভ, ঝুঁকিতে এলাকা


জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধের করোনা সন্দেহে নমুনা সংগ্রহের পাঁচ দিন পর বুধবার পাওয়া প্রতিবেদনে তার করোনা পজেটিভ এসেছে। পাঁচ দিন ধরে ওই ব্যক্তি তার পরিবারের সদস্য ও এলাকায় অনেক মানুষের সংস্পর্শে আসা নিয়ে স্থানীয়দের মাঝে করোনাভীতি দেখা দিয়েছে।

জানা যায়, বুধবার করোনার নমুনায় পজেটিভ আসা ওই ব্যক্তির বয়স প্রায় ৮০ বছর। তার বাড়ি জেলার মাদারগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জোনাইল গ্রামে। করোনা সন্দেহে গত শনিবার তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।

টানা পাঁচ দিন পর ওই বৃদ্ধের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এলাকায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার শঙ্কায় রয়েছেন আক্রান্ত ওই ব্যক্তির স্বজন ও আশপাশের বাড়িঘরের লোকজনরা।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম জানান, ওই বৃদ্ধ করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে তিনি বুধবার রাত ১০টার দিকে জোনাইল গ্রামে তার বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়েছেন। বৃদ্ধ ব্যক্তিটি কিছুটা মানসিক প্রতিবন্ধী।

তাকে জিজ্ঞেস করে কাউন্সিলর জানতে পারেন এখনো তার শরীরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার অন্যান্য উপসর্গ রয়েছে। মানসিক প্রতিবন্ধী হওয়ায় তিনি বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকেন। এ কয়দিন তিনি এলাকায় বেশ ঘোরাঘুরি করেছেন। ফলে তাকে নিয়ে এলাকাবাসীর মাঝে বেশ ভীতি কাজ করছে।

কাউন্সিলর আরো জানান, তার বাড়িসহ আশপাশের আরো অন্তত ১৫টি বাড়ি রয়েছে। এসব বাড়ি লকডাউন করে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে এলাকায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

তিনি জানান, এই বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে মাদারগঞ্জে মোট করোনায় আক্রান্ত হলেন ১০ জন। ফলে এমনিতেই মাদারগঞ্জ উপজেলা করোনার ঝুঁকিতে রয়েছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তি বৃদ্ধ হওয়ায় তাকে বৃহস্পতিবার সকালে জামালপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন এবং করোনাভাইরাস সংক্রমণ রোধে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে নমুনা সংগ্রহসহ ওই এলাকায় প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ নেওয়া হবে।’

পাঁচ দিন পর নমুনার প্রতিবেদন আসা প্রসঙ্গে তিনি বলেন, কারো দেহে করোনার উপসর্গ দেখা দিয়েছে এমন তথ্য জানার সঙ্গে সঙ্গেই নমুনা সংগ্রহ করে জামালপুরে সিভিল সার্জন কার্যালয়ে পাঠাই। ময়মনসিংহের ল্যাব থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন সিভিল কার্যালয়ে এলে সেখান থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয় সেভাবেই কাজ করে আসছি।

কোনো ব্যক্তির নমুনার ফলাফলে করোনা পজেটিভ যদি বিলম্বে আসে তাহলে আক্রান্ত ব্যক্তি এলাকার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কারণ প্রতিবেদন হাতে আসার আগ পর্যন্ত নতুন আক্রান্ত এই বৃদ্ধ ইতিমধ্যে নমুনা সংগ্রহের আগে কয়েকদিন এবং পরে টানা পাঁচ দিন ধরে তার পরিবারের সদস্যসহ অনেক মানুষের সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে।’

এ প্রসঙ্গে জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান বলেন, নমুনা সংগ্রহ করার পর দ্রুত সময়ের মধ্যেই ময়মনসিংহের পিসিআর ল্যাবে পাঠাই।

তিনি আরো জানান, নতুন আক্রান্ত ব্যক্তিসহ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ৩৩ জন। তাদের মধ্যে মারা গেছেন তিনজন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বুধবার চার ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আইসোলেশন সেন্টারে ভর্তি থাকা অবস্থায় পরপর দুবার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১