আপডেট : ০৭ April ২০২০
জনস্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাস মোকাবেলায় তামাক কোম্পানিগুলোর কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা। আজ মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিগারেটসহ তামাকজাত দ্রব্যাদি কোন নিত্যপ্রয়োজনীয় পণ্য নয়। এছাড়া ধূমপান করলে এমনিতেই শ্বাসনালী ও ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়। যেহেতু করোনা ভাইরাসের আক্রমণে অন্যদের তুলনায় বয়স্ক এবং রোগাক্রান্তরা বেশি ঝুঁকিতে পড়েন, তাই বিশেষজ্ঞরা বলছেন, অন্যদের তুলনায় ধূমপায়ীরা করোনা ভাইরাসের মারাত্মক ঝুঁকিতে আছেন। স্যান ফ্র্যানসিসকোর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা জানিয়েছেন, অধূমপায়ীদের তুলনায় করোনা ভাইরাসে ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার ও মৃত্যুঝুঁকি ১৪ গুণ বেশি। এদিকে মরণঘাতী এই ভসিরাস মোকাবেলায় সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। জরুরী সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন ব্যতীত সকল প্রতিষ্ঠান এই ছুটির অন্তর্ভুক্ত। কিন্তু তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ থাকছে সাধারণ ছুটির আওতার বাইরে। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় না নিয়ে তামাকের দুই বহুজাতিক কোম্পানি ‘ব্রিটিশ আমেরিকান টোব্যেকো’ ও ‘জাপান টোব্যেকো ইন্টারন্যাশনাল’ কে গত ৩ এপ্রিল শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক নোটিশে সিগারেট উৎপাদন ও বিপণনসহ সকল কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। অথচ বিশ্বব্যাপী মরণঘাতী করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়ছেই। যা এখন পর্যন্ত সাড়ে ১৩ লাখ ছাড়িয়েছে। এবং প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। সারাবিশ্বে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে প্রায় ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এই পরিস্থিতিতে এই ভাইরাস মোকাবেলায় এখনি যদি সিগারেটসহ সকল তামাক পণ্যের উৎপাদন বন্ধ করা না যায় তাহলে মহামারী করোনা প্রতিরোধ দেশের জন্য অনেক কঠিন হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১