বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০২০

দেশের সব কওমি মাদরাসার ক্লাস বন্ধ ঘোষণা


করোনা ভাইরাস রোধে দেশের সকল কওমি মাদরাসার ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর শেখদি এলাকায় কওমি মাদরাসার সমন্বিত বোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এ ঘোষণা দেয়। তবে কওমি মাদরাসার আবাসিক হোস্টেল বন্ধ করার ব‌্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। কওমি মাদরাসার ছাত্ররা বেশির ভাগ আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করে থাকেন।

বোর্ডের কো চেয়ারম‌্যান মাওলানা আব্দুল কুদ্দুস জানান, করোনা ভাইরাসের কারণে দেশের সব কওমি মাদরাসার ক্লাস বন্ধ থাকবে। তবে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি অব‌্যাহত রাখবে।

এর আগে সকাল ১০টায় মাদরাসা বন্ধের সিদ্ধান্ত নিতে বোর্ডের কর্মকর্তারা বৈঠকে বসেন। এ সংস্থার অন্তর্ভুক্ত ছয় বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

এর আগে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। গত সোমবার দুপুরে পৃথক সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। এই ঘোষণার আওতায় দেশের সকল সরকারি আলিয়া মাদরাসাগুলোও বন্ধ হয়েছে।

পাশাপাশি গতকাল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সব কর্মসূচি বাতিল ঘোষণা করা হয় দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একই সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলসহ কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ রাখতে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে আহ্বান জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১