বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০২০

বশেমুরবিপ্রবির একাডেমিক ভবনের অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা


ইতিহাস বিভাগের দাবিতে ৫ম দিনের মত অমারণ অনশন ও বিক্ষোভ কর্মসূচী চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। এর আগে ৫০১নম্বর রুমে ভারপ্রাপ্ত ভিসি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একটি রুমে অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা। সেসময় শিক্ষক ও কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়।

আজ সোমবার সকাল থেকেই ক্লাস বন্ধ রেখে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে একটানা আমরণ অনশন কর্মসূচী চালায় শিক্ষার্থীরা। এর আগেও ইতিহাস বিভাগ অনুমোদন বহালের দাবিতে আন্দোলন করে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। তবে ইউজিসি তদন্ত কমিটি গঠন করলে আন্দোলন স্থগিত করা হয়েছিল।

এদিকে, আজ দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা একাডেমিক ভবনের ৫০১নম্বর রুমে মুজিব জন্মশতবর্ষ পালন বিষয়ে মিটিং বসলে ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো: শাহজাহানসহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রুমের মধ্যে অবরুদ্ধ করে রাখে। বিষয়টি নিয়ে শিক্ষক ও কর্মকর্তা ও কর্মচারিীদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সেখানে বসে পড়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে পুলিশ ও প্রশাসন ‍এর হস্তক্ষেপে শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৫টায় অবরোধ তুলে নিয়েছে। 

মোবাইল ফোনে রুমে অবরুদ্ধ হয়ে থাকার বিষয়টি স্বীকার করে ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ শাহজাহান বলেছেন, তারা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মুজিব জন্ম শতবর্ষ পালন বিষয়ে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে একটি মিটিং করছিলেন। এরই মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীরা এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

প্রসঙ্গত, গত ৬ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করা হয়। ওই দিন রাতেই এ খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করেছিল। বর্তমানে বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১