আপডেট : ০৫ March ২০২০
প্রশ্ন ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দুইদিনব্যাপি সুবর্ণজয়ন্তী উৎসবের প্রথম দিন প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ তথ্য জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনার কারণেই মূলত আমরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যাচ্ছি না। আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় দেখেছি মন্ত্রণালয় থেকে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষার কেন্দ্র সমূহে পাঠানো হয়। যার কারণে বিভিন্নভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে র্যাংকিংয়ে উপরে নিয়ে যাওয়ার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করব। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের গবেষণার মান উন্নয়নের জন্য এই বছরের মধ্যেই আইটি পার্ক হবে। আইটি পার্কের জন্য ইতিমধ্যেই ১০০ একর জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। মেরিন সায়েন্স এবং ফিশারিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার সুবিধার লক্ষ্যে কক্সবাজারে ১০ একর জায়গা বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) দিকে তাকিয়ে থাকতে হয়। তারা টাকা দিলে আমরা প্রকল্প বাস্তবায়ন করতে পারি। আইটি পার্ক হয়ে গেলে আমাদের আর ইউজিসির দিকে তাকিয়ে থাকতে হবে না। আইটি পার্ক থেকে আয়ের টাকা দিয়েই বিশ্ববিদ্যালয়কে চালানো যাবে বলেও জানান তিনি। এর আগে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় সুবর্ণজয়ন্তী উৎসব। বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি সাবেক উপাচার্য প্রফেসর ড. এম বদিউল আলম, সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী আবু আলম চৌধুরী, সাবেক সাংসদ ও চাকসু ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, চাকসু ভিপি মোহাম্মদ নাজিম উদ্দিন, ডেপুটি এটর্নি জেনারেল মোহাম্মদ আবুল হাসেম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর। এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের পাঠানো বার্তা পাঠ করেন অধ্যাপক ভূঁইয়া মোহাম্মদ মনোয়ার কবির এবং স্বাগত বক্তব্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো বার্তা পাঠ করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১