বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০২০

বইমেলায় সৈয়দা আঁখি হকের ‘খোয়াজ মিয়া : জীবনকথা ও গীতিসমগ্র’


অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে সৈয়দা আঁখি হকের ‘খোয়াজ মিয়া : জীবনকথা ও গীতিসমগ্র’। ধ্রুব এষের চমৎকার প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। বইটির দাম রাখা হয়েছে ৫০০ টাকা।

বাংলার সুফি, বৈষ্ণব, বাউল ও মরমি কবিদের রচনায় প্রতিফলিত-প্রতিবিম্বিত হয় বাঙালি জীবনাদর্শের অপরূপ চিত্র। তাদের রচিত জারি-সারি-ভাটিয়ালি, মুর্শিদি ও বাউল গানে মানবপ্রেম, দেশপ্রেম, সমাজ চেতনাসহ রয়েছে হাজার বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস। সেই ধারাবিহকতায় সিলেটে জন্মেছেন অসংখ্য সাধক-কবি। তাদেরই যোগ্য উত্তরসূরি গীতিকবি খোয়াজ মিয়ার জনপ্রিয় একটি গানÑ ‘লাগাইয়া পিরিতির ডুরি, আলগা থাইকা টানে রে আমার বন্ধু মহাজাদু জানে।’

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে ১২ মার্চ ১৯৪২ সালে তার জন্ম। জ্ঞানের সাগরখ্যাত দুর্বিন শাহের শিষ্য তিনি। একজন রচয়িতার ব্যক্তিত্ব চিহ্নিত করতে তার মৌলিকত্ব, ভাবের গভীরতা, চিন্তা-চেতনা ও সৌন্দর্যের বিশালতা খুঁজতে হয়। অসামান্য দক্ষতায় তিনি মনের আবেগ-অনুভূতির মিশ্রণে লোকসুরে গেঁথেছেন বাণী। মরমের তারে তারে ঝঙ্কার হয় তার ভরাট কণ্ঠ। বাণীর অপূর্ব দ্যোতনা, আত্মোপলব্ধিসহ মর্মস্পর্শী আবেদন, আঞ্চলিক শব্দের ব্যবহার ও অলঙ্কারে দেখিয়েছেন মুন্সিয়ানা। জীবনবোধ থেকে সংগ্রহ করা উপকরণে যুক্ত করেছেন শ্রুতিমধুর রূপক, উপমা। মুর্শিদের আনুগত্য স্বীকার ও স্রষ্টার প্রতি একনিষ্ঠ অনুরাগে করেছেন আত্মসমর্পণ। সময়োপলব্ধি, মানবিক ভাবানুভূতি, প্রেমাকাক্সক্ষা ও ভক্তি মজবুত করেছে গানের কাঠামোকে। সর্বশক্তিমান সত্তার সঙ্গে একাত্ম হয়ে নিজেকে জানার আকুতিতে সুরের ব্যঞ্জনা ঘটিয়েছেন। ক্ষেত্রসমীক্ষার ভিত্তিতে খোয়াজ মিয়ার জীবনকথা ও গান নিয়েই সৈয়দা আঁখি হক লিখেছেন খোয়াজ মিয়া : জীবনকথা ও গীতিসমগ্র।

সৈয়দা আঁখি হক বাংলাদেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের তরুণ একজন লোক গবেষক। বিশেষ করে সঙ্গীত সংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণা করেন তিনি। এ জন্য দেশের আনাচে কানাচে ঘুরে বেড়ান চট্টগ্রামের এই সন্তান। তুলে আনেন বাংলাদেশের নানা সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য। গবেষণার ফল হিসেবে এ পর্যন্ত তার বেশ কিছু গ্রন্থ প্রকাশের পর প্রশংসিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাতে নিয়মিত লিখেন তিনি। গবেষণা এবং লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বেশ কিছু পুরস্কার।

সৈয়দা আঁখি হকের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা চট্টগ্রামে। পিতা সৈয়দ শামসুল হক, মাতা আয়েশা হক। জন্মের পর থেকে মায়ের কণ্ঠে হাছন রাজা, রাধারমণ ও শাহ আবদুল করিমের গান শুনেছেন। শুনতে শুনতেই বেড়ে উঠেছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১