আপডেট : ১৭ February ২০২০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের শিশুসহ আটজন দগ্ধ হওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে আসা আটজনের মধ্যে বেলা সোয়া ১১টার দিকে দগ্ধ নুরজাহান (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের প্রায় পুরোটাই ঝলসে গিয়েছিল। বাকিদের মধ্যে চিকিৎসাধীন থাকা বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে ৩/৪ জনের শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের ২৫ থেকে ৪৫ শতাংশের মত ঝলসে গেছে বলে জানান তিনি। এর আগে সোমবার ভোরে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় গ্যাসের আগুনে দগ্ধ হওয়ার এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের আটজন দগ্ধ হন। চিকিৎসাধীন রয়েছেন, কীরণ (৪৩) হীরণ (২৫) ও তার স্ত্রী মুক্তা (২০) মেয়ে লিমা (৩), আবুল হোসেন (২২), কাওসার (১৬) এবং আপন (১০)। নূরজাহান বেগমের মেয়ে জামাই ইলিয়াছ মিয়া জানান, তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। পরিবারটি বর্তমানে সাইনবোর্ড সাহেবপাড়া এলাকায় একটি বাড়ির পাঁচতলা ভবনের নিচ তলায় ভাড়া থাকেন। রাতে ওই এলাকায় গ্যাসের চাপ কম ছিল, ফলে চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। ভোরে রান্নার জন্য আগুন ধরাতেই বিকট শব্দে পুরো বাড়িতে আগুন ধরে যায়। সেই আগুনে আটজন দগ্ধ হয়। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে সারারাত গ্যাসের চুলা থেকে অল্প অল্প করে গ্যাস বের হয়ে পুরো বাড়িতে জমা হয়েছে। পরে সকালে চুলা জ্বালাতে আগুন ধরালে ওই জমে থাকা গ্যাসের কারণে বাড়িতে আগুন ধরে যায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১