আপডেট : ১১ February ২০২০
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ১৩তম যৌথ কমিশনের বৈঠক আগামীকাল বুধবার শুরু হবে।বৈঠকে জনশক্তি ও কর্মসংস্থান খাতে সহযোগিতাসহ সাত ইস্যুতে আলোচনা হবে। ঢাকার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বুধ ও বৃহস্পতিবার যৌথ কমিশনের এ সভাটি অনুষ্ঠিত হবে। যৌথ কমিশনের ১৩তম সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব থাকবেন ইআরডি সচিব মনোয়ার আহমেদ। আর সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাহির আব্দুল রাহমান গাসিম। ইআরডি সূত্র জানিয়েছে, দুই দিনব্যাপী এ কমিশন সভায় সাতটি নির্দিষ্ট ইস্যুতে ছাড়াও বিবিধ বিষয়ে আলোচনা হবে। নির্দিষ্ট সাতটি বিষয় হলো-জনশক্তি ও কর্মসংস্থান খাতে সহযোগিতা, দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত সহযোগিতা, বিনিয়োগ ও শিল্প সংক্রান্ত সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, ধর্মবিষয়ক খাতে সহযোগিতা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা করা। ইআরডির তথ্যমতে, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে ১৯৭৮ সালের ২০ ডিসেম্বর চুক্তি অনুসারে যৌথ কমিশন গঠিত হয়। এরপর দুদেশের মধ্যে এ পর্যন্ত ১২টি সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সভা ২০১৮ সালের ১৪ ও ১৫ মার্চ সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় দুদেশের মধ্যে ১৩তম সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সভায় বাংলাদেশের পক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে একটি প্রতিনিধি দল এবং সৌদি আরবের সরকারি ও বেসরকারি পর্যায়ের ৪০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল অংশ নেবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১