বাংলাদেশের খবর

আপডেট : ১৬ January ২০২০

ছেলে সাদসহ ষোলোজনকে পদ দিলেন রওশন এরশাদ


জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তার ছেলে সাদ এরশাদসহ ১৬ জনকে বিভিন্ন পদ দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে জাতীয় পার্টির প্যাডে তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে রওশন এরশাদ বলেন, সম্মেলনে অর্পিত দায়িত্ব ও প্রদত্ত ক্ষমতাবলে সংগঠনের কার্যক্রম গতিশীল করার স্বার্থে এই পদায়ন করা হলো। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয়ে বিবৃতিতে এ পদোন্নতিকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তা প্রচার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দুইজনকে কো-চেয়ারম্যান এবং ১০ জনকে প্রেসিডিয়াম সদস্য, দুইজনকে ভাইস চেয়ারম্যান এবং দুইজনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। রওশন এরশাদ তার ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও দলের পুরনো নেতা এম এ ছাত্তারকে কো-চেয়ারম্যান করেন। এ ছাড়া ১১ জনকে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত করেন। তারা হলেন- দেলোয়ার হোসেন খান, খালেদ আখতার, ইকবাল হোসেন (রাজু), নূরে হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান, ফকরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুন, মাহজাবিন মুর্শেদ, নুরুল ইসলাম (নুরু), নুরুল ইসলাম (ওমর) ও আরিফুর রহমান খান। এর বাইরে আমানত হোসেন ও মো. ইয়াহিয়াকে ভাইস চেয়ারম্যান এবং জসিম উদ্দিন ভূঁইয়া ও মো. রেজাউল করিমকে যুগ্ম মহাসচিব নিযুক্ত করা হয়। এই মনোনয়ন ও সাংগঠনিক নির্দেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১