বাংলাদেশের খবর

আপডেট : ১৩ January ২০২০

দিনাজপুরে ডিবির সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত


দিনাজপুর সদর উপজেলার পল্লীতে গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে ২ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ডিবির ১ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ১ কনষ্টেবল গুরুতর আহত হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার সময় দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম রামসাগর তাজপুর সরকারপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ২ মাদক ব্যবসায়ী হলেন দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী লাইনপাড় সিপাইপাড়া মৃত শেখ রহমানের ছেলে রহমত আলী (৪০) ও একই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে আবুল কাশেম কাইশা (৩৬)। এদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় ১৭ থেকে ১৮টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

এসময় গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাহিদ হাসান ও কনষ্টেবল মাহাবুব আলম গুরুতর আহত হয়। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন।

তিনি জানান, ডিবি পুলিশের এসআই মোঃ মোকারম হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের নশনদিঘী তাজপুর সরকারপাড়ায় অবস্থান নেয়। রাত রাত দেড়টার সময় ১০ থেকে ১২ জনের মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ দল ভারত সীমান্ত থেকে বাংলাদেশে মাদক নিয়ে প্রবেশ করে। এসময় তাদের ডিবি পুলিশ তাদের থামতে বললে তারা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ডিবির এএসআই নাহিদ হাসান ও কনষ্টেবল মাহাবুব আলম গুরুতর আহত হয়। পরে ডিবি পুলিশ ৪ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ী পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আবুল কাশেম কাইশা ও রহমত আলী এর লাশ উদ্ধার করে।

এসময় ঘটনাস্থল থেকে ১টি সচল ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ১৫০ বোতল ফেন্সিডিল, ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বর্তমানে নিহত ২ মাদক ব্যবসায়ীর লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১